শনিবার ২৮, নভেম্বর ২০২৬

শনিবার ২৮, নভেম্বর ২০২৬ -- : -- --

দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করলেন মিমি, প্রকাশ্যে ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পিএম

ছবি: সংগৃহীত

টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই নানা আলোচনা চলছিল। এবার সব জল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে নতুন জীবনে পা রাখলেন তিনি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কলকাতায় নিজের বাড়িতে ঘরোয়া আয়োজনে আইনি বিয়ে সম্পন্ন করেন এই অভিনেত্রী।

বিয়ের আনন্দঘন মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ছবি প্রকাশ করেছেন মিমি। ছবিতে সোনালি ও দুধসাদা শাড়িতে দেখা গেছে তাকে। আর সিদ্ধার্থের পরনে ছিল সাদা পাঞ্জাবি। আংটি বদল থেকে শুরু করে বিয়ের আনুষ্ঠানিকতায় প্রয়োজনীয় কাগজপত্রে সই-সব আয়োজনের ছবিই প্রকাশ করেছেন অভিনেত্রী।

জানা গেছে, দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সীমিত পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এত দিন ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা প্রকাশ্যে কথা বলেননি মিমি। এবার দীর্ঘদিনের সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দিলেন তিনি।

সিদ্ধার্থ দত্ত পেশাগতভাবে মার্চেন্ট নেভির সঙ্গে যুক্ত। এক বান্ধবীর মাধ্যমে মিমির সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের পর বন্ধুত্ব, সেখান থেকেই ধীরে ধীরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে দুজনের মধ্যে। দীর্ঘ সময় নিজেদের সম্পর্কের বিষয়টি আড়ালে রেখেছিলেন তারা।

তবে আইনি বিয়ের পরও বাকি থাকছে মূল আয়োজন। ডিসেম্বরের প্রথম সপ্তাহে পাহাড়ে বসবে মিমি ও সিদ্ধার্থের বিয়ের আসর। পরিকল্পনা অনুযায়ী, ২ ডিসেম্বর শিলিগুড়ির উদ্দেশে রওনা দেবেন তারা। পরদিন ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ককটেল ও ডিনার পার্টি। ৪ ডিসেম্বর রয়েছে মেহেন্দি ও সংগীতের আয়োজন। আর ৫ ডিসেম্বর কালিম্পংয়ে সম্পন্ন হবে সামাজিক বিয়ের আনুষ্ঠানিকতা।

এদিকে ১১ ডিসেম্বর কলকাতায় বসবে তাদের বিবাহোত্তর সংবর্ধনা বা রিসেপশনের আসর। আইনি বিয়ের ছবি প্রকাশ করে ভক্তদের চমকে দিয়েছেন মিমি। এবার পাহাড়ে তার বিয়ের মূল আয়োজন ঘিরে অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।

Link copied!