প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ পিএম
রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হবে আগামী ১ ডিসেম্বর। প্রতিষ্ঠানটির চারটি শাখায় বাংলা ও ইংরেজি ভার্সনে মোট ১ হাজার ৫৪৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। অনলাইনে আবেদন করা যাবে ১০ ডিসেম্বর পর্যন্ত। এরপর ১৫ ডিসেম্বর ডিজিটাল লটারির মাধ্যমে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
আবেদন ও ফি পরিশোধের নিয়ম
ভর্তিতে আগ্রহী শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) নির্ধারিত ভর্তি ব্যবস্থাপনার আওতায় অনলাইনে আবেদন করতে হবে। এ জন্য [gsa.teletalk.com.bd](https://gsa.teletalk.com.bd) ওয়েবসাইটে প্রবেশ করে ১ থেকে ১০ ডিসেম্বরের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।
আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা। টেলিটকের প্রিপেইড মোবাইল নম্বর ব্যবহার করে এ ফি পরিশোধ করতে হবে।
প্রতিষ্ঠানটির সব শাখায় বাংলা ভার্সনে শিক্ষার্থী ভর্তি করা হবে। এ ছাড়া মূল শাখায় ইংরেজি ভার্সনের প্রভাতি ও দিবা—দুই শিফটেই ভর্তির সুযোগ রয়েছে। আবেদনকারীদের মধ্য থেকে ১৫ ডিসেম্বর ডিজিটাল লটারির মাধ্যমে চূড়ান্তভাবে শিক্ষার্থী বাছাই করা হবে।
চার শাখায় আসনসংখ্যা
ভিকারুননিসার চারটি শাখায় মোট ১ হাজার ৫৪৫টি আসন বরাদ্দ রয়েছে। এর মধ্যে মূল শাখায় আসন ৭১৫টি। এ শাখায় বাংলা ভার্সনের প্রভাতি শিফটে ২৭৫টি এবং দিবা শিফটে ২২০টি আসন রয়েছে। ইংরেজি ভার্সনে প্রভাতি ও দিবা-প্রতিটি শিফটে আসন রয়েছে ১১০টি করে। বসুন্ধরা ও আজিমপুর শাখায় প্রতিটিতে ৩৩০টি করে আসন রয়েছে। উভয় শাখায় প্রভাতি ও দিবা শিফটে ১৬৫টি করে শিক্ষার্থী ভর্তি করা হবে। অন্যদিকে ধানমন্ডি শাখায় মোট আসন ১৭০টি। এ শাখায় দুই শিফটে ৮৫টি করে আসন বরাদ্দ রয়েছে।
শাখাভিত্তিক ক্যাচমেন্ট এলাকা
ভর্তির ক্ষেত্রে প্রতিটি শাখার জন্য নির্দিষ্ট কিছু থানাকে ক্যাচমেন্ট এলাকা হিসেবে নির্ধারণ করা হয়েছে। মূল শাখার ক্যাচমেন্ট এলাকার মধ্যে রয়েছে রমনা, পল্টন ও শাহজাহানপুর থানা। ধানমন্ডি শাখার আওতায় থাকবে ধানমন্ডি ও কলাবাগান থানা। এ ছাড়া বসুন্ধরা শাখার জন্য ভাটারা, খিলক্ষেত ও গুলশান থানা এবং আজিমপুর শাখার জন্য লালবাগ, চকবাজার ও নিউ মার্কেট থানা ক্যাচমেন্ট এলাকা হিসেবে নির্ধারণ করা হয়েছে।
দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি
প্রথম শ্রেণির পাশাপাশি দ্বিতীয় থেকে নবম শ্রেণিতেও শিক্ষার্থী ভর্তির সুযোগ থাকবে। তবে এসব শ্রেণিতে কেবল আসন খালি থাকা সাপেক্ষে ভর্তি নেওয়া হবে। বার্ষিক পরীক্ষা শেষে শূন্য আসনের সংখ্যা জানানো হবে। উচ্চতর শ্রেণিগুলোতে ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ, ভর্তি পরীক্ষা এবং সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম প্রতিষ্ঠানটির নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত হবে।
