সোমবার ২৩, নভেম্বর ২০২৬

সোমবার ২৩, নভেম্বর ২০২৬ -- : -- --

শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি নির্বাচন বন্ধের নির্দেশ নিয়ে হাইকোর্টের রুল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ০২:১৫ পিএম

ছবি: সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠনের নির্বাচন বন্ধ রাখার নির্দেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (২৩ নভেম্বর) বিচারপতি মো. তৌফিক ইনাম ও বিচারপতি মো. মাহমুদ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

রুলে শিক্ষা সচিব, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

মামলার সূত্রে জানা যায়, গত ১৫ অক্টোবর বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠনের নতুন বিধিমালা চূড়ান্ত না হওয়া পর্যন্ত এসব কমিটি গঠনের কার্যক্রম স্থগিত থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর রাখার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে ‘নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠনসংক্রান্ত প্রবিধানমালা, ২০২৬’ চূড়ান্ত না হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছিল।

পরে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির ওই বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। রিটের শুনানি শেষে আদালত সংশ্লিষ্টদের কাছে ব্যাখ্যা চেয়ে এ রুল জারি করেন।

Link copied!