প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ০৮:০৫ পিএম
শিশুদের পুষ্টির ঘাটতি পূরণ ও বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে ২০২৭ সাল থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। এ কর্মসূচির আওতায় প্রতিদিন দুপুরের খাবার পাবে ১ কোটি ১০ লাখ শিশু। এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন পুরাতন বাণিজ্য মেলা প্রাঙ্গণে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত রন্ধন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি।
ডা. জুবাইদা রহমান জানান, বর্তমানে দেশের ৫০০টি উপজেলার মধ্যে ১৫১টি উপজেলায় প্রায় ৩১ লাখ শিক্ষার্থী প্রতিদিন পুষ্টিকর খাবার পাচ্ছে। চার থেকে ১০ বছর বয়সী শিশুদের বিদ্যালয়ে উপস্থিতি ও প্রাতিষ্ঠানিক শিক্ষা অব্যাহত রাখতে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ২০২৭ সাল থেকে দেশের ৫০০টি উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ কোটি ১০ লাখ শিশুকে এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, শিশুদের পুষ্টির ঘাটতি পূরণ, বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানো এবং শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে স্কুল ফিডিং কর্মসূচি কার্যকর ভূমিকা রাখবে। খাবারের মান ও পুষ্টিগুণ নিশ্চিত করতে মায়েদের সম্পৃক্ত করে তদারকি আরও জোরদার করার ওপরও গুরুত্ব দেন তিনি।
বিদ্যালয়ের দুপুরের খাবার আরও সুস্বাদু ও সহজলভ্য করতে জেলা ও উপজেলা পর্যায়ে রন্ধন প্রতিযোগিতা আয়োজনের প্রস্তাব দেন ডা. জুবাইদা রহমান। তাঁর মতে, এ ধরনের আয়োজনের মাধ্যমে শিশুদের খাবারের মান উন্নয়নে নতুন ধারণা ও পদ্ধতি বেরিয়ে আসতে পারে।
প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্যসম্মত রান্নার পদ্ধতি অনুসরণ এবং স্থানীয়ভাবে পাওয়া যায়-এমন উপকরণ ব্যবহারের ওপর জোর দিয়ে তিনি বলেন, শাকসবজি, আমিষ ও দুগ্ধজাত পণ্যের ব্যবহার বাড়ানো প্রয়োজন। পাশাপাশি রান্নায় স্বাস্থ্যসম্মত পদ্ধতি, মায়েদের অংশগ্রহণ ও নিয়মিত তদারকি নিশ্চিত করা গেলে শিশুদের পুষ্টির মান উল্লেখযোগ্যভাবে বাড়বে।
রান্নার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘আমরা প্রায়ই বলি, রান্না একটি শিল্প। তবে এটি একই সঙ্গে একটি ভাষা, একটি বিজ্ঞান এবং মানুষের সঙ্গে যোগাযোগের একটি মাধ্যম। যেখানে প্রয়োজন, অনুরাগ, সৃজনশীলতা এবং আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের এক অপূর্ব মিলনমেলা। আমরা রান্নায় আমাদের ইতিহাস, ব্যক্তিত্ব এবং ভালোবাসার একটি অংশ যোগ করি।’
বিশ্বব্যাপী ক্ষুধা ও অপুষ্টি দূরীকরণে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার বিভিন্ন দিক তুলে ধরেন ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, সবার জন্য খাদ্য নিশ্চিত করা, দরিদ্র জনগোষ্ঠীর খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা, শিশুদের খর্বতা ও অপুষ্টি দূর করা, ক্ষুদ্র কৃষকদের সহায়তা দেওয়া, টেকসই খাদ্যব্যবস্থা গড়ে তোলা এবং খাদ্যের অপচয় ও ক্ষতি কমানো এসব লক্ষ্যের অন্যতম উদ্দেশ্য।
বাংলাদেশের শিশুদের পুষ্টি পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, দেশের ৬৪টি জেলা, ৫০০টি উপজেলা, ৪ হাজার ৫৯৯টি ইউনিয়ন ও ৯০ হাজার ৪৯টি গ্রামের প্রেক্ষাপটে পাঁচ বছরের কম বয়সী ২৫ দশমিক ১ শতাংশ শিশু খর্বতার শিকার।
তিনি আরও বলেন, ২০৩০ সালের মধ্যে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন।
কৃষিপ্রধান বাংলাদেশের নতুন প্রজন্মকে কৃষিকাজে আগ্রহী করে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, ‘কৃষিপ্রধান এই দেশে নতুন প্রজন্মকে কৃষির প্রতি যত্নবান হওয়ার অনুপ্রেরণা দেওয়া জরুরি।’
কৃষি উৎপাদন বাড়ানো ও পুষ্টির ঘাটতি মোকাবিলায় উন্নত ফসলের জাত এবং পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদনের ওপর গুরুত্ব দেন তিনি। এ ক্ষেত্রে ভিটামিন এ-সমৃদ্ধ সোনালি ধান ও পুষ্টির অভাব দূর করতে রোগ প্রতিরোধী আলু চাষের কথা উল্লেখ করেন। পাশাপাশি কীটনাশকের ব্যবহার কমাতে পোকা প্রতিরোধী বেগুন চাষের প্রসার ঘটছে জানিয়ে তিনি বলেন, বর্তমানে ৩০ হাজারের বেশি কৃষক এ ধরনের বেগুন চাষ করছেন।
আধুনিক কৃষিব্যবস্থা গড়ে তোলার বিষয়ে তিনি বলেন, উন্নত সেচব্যবস্থা ও কৃষি অবকাঠামো নিশ্চিত করার পাশাপাশি খাল খননের মাধ্যমে ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়াতে হবে। একই সঙ্গে জলাবদ্ধতা দূর করা এবং পতিত জমিকে চাষের আওতায় আনার উদ্যোগ নিতে হবে। জাতীয় খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নীতি বাস্তবায়নের পাশাপাশি পুষ্টি সংবেদনশীল নীতির ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
মা ও শিশুর পুষ্টি নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়ে ডা. জুবাইদা রহমান বলেন, ‘বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার কারিগরি সহায়তায় মা ও শিশুদের বৈচিত্র্যময় ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং স্বাস্থ্যকর রান্নার অভ্যাস তৈরিতে তৃণমূল পর্যায়ে সচেতনতা সৃষ্টি করতে হবে।’
ক্ষুধামুক্ত বিশ্ব গড়তে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘আসুন, পৃথিবীকে জিরো হাঙ্গার- শূন্য ক্ষুধার দিকে এগিয়ে নিতে আমরা সকলেই প্রচেষ্টা চালাই।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মো. শাহজামান খান প্রমুখ।
