বৃহস্পতিবার ২৬, নভেম্বর ২০২৬

বৃহস্পতিবার ২৬, নভেম্বর ২০২৬ -- : -- --

এমপিওভুক্ত শিক্ষকরা ক্লাস বাদ দিয়ে মিছিলে যান, আইনগত ব্যবস্থা নেব: শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ০৩:২১ পিএম

ছবি: সংগৃহীত

এমপিওভুক্ত যেসব শিক্ষক শ্রেণিকক্ষে পাঠদান না করে কোচিং সেন্টারে পড়ান এবং ক্লাস বাদ দিয়ে মিছিল-মিটিংয়ে অংশ নেন, তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

কোচিং সেন্টারে শিক্ষকদের পাঠদান প্রসঙ্গে তিনি বলেন, ‘কোচিং সেন্টারগুলোতে অনেক শিক্ষক রয়েছেন, ক্লাসরুমে না পড়িয়ে সেখানে পড়ান। আমি সবকিছু অবজার্ভ করছি, তালিকা নিচ্ছি-ক্লাসরুমে পড়াতে হবে। শিক্ষকরা বাইরে কোচিং সেন্টারে যেতে পারবেন না, যারা এমপিওভুক্ত, যারা বেতনভুক্ত।’

এমপিওভুক্ত শিক্ষকদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে মন্ত্রী বলেন, ‘বেতনভুক্ত শিক্ষক মানে প্রজাতন্ত্রের কর্মচারী; যখন তখন মিটিংয়ে-মিছিলে গিয়ে রাষ্ট্রদ্রোহী কোনো কাজে আপনারা জড়িত হবেন না। আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী-কাজ বাদ দিয়ে মিছিলে যাবেন না। এই সব এমপিওভুক্ত শিক্ষকরা ক্লাস বাদ দিয়ে মিছিলে যান; আমি সকলকে পর্যবেক্ষণে রেখেছি যে, আগামীতে এই ক্লাস না করার জন্য তাদেরকে আমি আইনগত ব্যবস্থা নেব।’

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উপবৃত্তি নিয়েও কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, ‘মেয়েদের উপবৃত্তি ইন্টারমিডিয়েট পর্যন্ত বেগম খালেদা জিয়া দিয়েছিলেন; তারেক রহমান মেয়েদের উপবৃত্তির ডিগ্রি পর্যন্ত ব্যবস্থা করেছেন।’

শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, এখনো যেসব স্কুল, কলেজ ও মাদ্রাসা কোনো ভবন পায়নি, সেগুলোর তালিকা তৈরি করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী এসব প্রতিষ্ঠানে ভবন নির্মাণের ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী বলেন, প্রতিষ্ঠানের ফলাফল এবং শ্রেণিকক্ষে শিক্ষার্থীর সংখ্যার ভিত্তিতে ভবন বরাদ্দ দেওয়া হবে। যেসব প্রতিষ্ঠানে শিক্ষার্থী নেই, সেগুলো ভবন পাবে না। একইভাবে যেসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা খারাপ ফল করবে, সেসব প্রতিষ্ঠান আপাতত এ ধরনের সুবিধা থেকে বঞ্চিত হবে।

Link copied!