প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৪১ পিএম
দীর্ঘ তিন বছর পর আবারও মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্ব পাচ্ছেন রোহিত শর্মা। আইপিএলের ২০২৭ মৌসুম সামনে রেখে ভারতের এই তারকা ক্রিকেটারকে নেতৃত্বে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে পাঁচবারের শিরোপাজয়ী ফ্র্যাঞ্চাইজিটি।
সম্প্রতি পাঞ্জাব কিংসের সঙ্গে খেলোয়াড় অদলবদলের মাধ্যমে হার্দিক পান্ডিয়াকে ছেড়ে দিয়ে আর্শদীপ সিংকে দলে নেয় মুম্বাই। এই লেনদেনের পর থেকেই রোহিতের অধিনায়কত্বে ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যি হতে যাচ্ছে। আবারও দলের নেতৃত্ব তুলে দেওয়া হচ্ছে রোহিতের হাতে।
আগামী বছরের এপ্রিলে ৪০ বছরে পা দিতে যাওয়া রোহিত সর্বশেষ ২০২৩ মৌসুমে মুম্বাইকে নেতৃত্ব দিয়েছিলেন। ওই আসরে দ্বিতীয় কোয়ালিফায়ারে গুজরাট টাইটান্সের কাছে হেরে বিদায় নিতে হয় দলটিকে। এরপর ভবিষ্যতের পরিকল্পনার অংশ হিসেবে ২০২৪ মৌসুম শুরুর আগে গুজরাট থেকে হার্দিককে দলে ভেড়ায় মুম্বাই। পরে রোহিতকে সরিয়ে অধিনায়ক করা হয় হার্দিককে।
তবে হার্দিকের নেতৃত্বে পরবর্তী তিন মৌসুমে দলকে ধারাবাহিকতা ও স্থিতিশীলতা দিতে হিমশিম খেতে হয় মুম্বাইকে। ২০২৪ সালে পয়েন্ট টেবিলের একেবারে নিচে থেকে আসর শেষ করে তারা। পরের মৌসুমে প্লে-অফে জায়গা করে নিলেও দ্বিতীয় কোয়ালিফায়ারে পাঞ্জাব কিংসের কাছে হেরে যায় দলটি। আর ২০২৬ মৌসুমে নবম স্থানে থেকে প্রতিযোগিতা শেষ করে মুম্বাই।
অধিনায়ক হিসেবে হার্দিকের প্রথম মৌসুমেই ঘরের মাঠের দর্শকদের দুয়ো শুনতে হয়েছিল তাকে। পরবর্তী সময়েও তার নেতৃত্ব নিয়ে সমালোচনা অব্যাহত থাকে। পাশাপাশি ব্যাট হাতে তার পারফরম্যান্সেও ধারাবাহিক অবনতি দেখা যায়। একপর্যায়ে গত বছর ফ্র্যাঞ্চাইজিকে দল ছাড়ার আগ্রহের কথা জানান হার্দিক। তাকে দলে রাখার সম্ভাবনাসহ সার্বিক পরিস্থিতি বিবেচনা করে শেষ পর্যন্ত আর্শদীপের সঙ্গে খেলোয়াড় অদলবদলে সম্মত হয় মুম্বাই।
এদিকে রোহিতের পর দলের অধিনায়ক হওয়ার সম্ভাব্য তালিকায় ছিলেন জসপ্রিত বুমরাহ, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা এবং নিউজিল্যান্ডের সাদা বলের অধিনায়ক মিচেল স্যান্টনারও।
মুম্বাই ইন্ডিয়ান্সের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় অধিনায়কের দায়িত্ব পালন করেছেন রোহিত শর্মা। আইপিএল ও চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি মিলিয়ে তার নেতৃত্বে ১৬৩টি ম্যাচ খেলেছে দলটি। এর মধ্যে ৯৩ ম্যাচে জয় পেয়েছে মুম্বাই, হেরেছে ৭০টিতে।
রোহিতের নেতৃত্বেই পাঁচবার আইপিএলের ফাইনালে উঠেছে মুম্বাই ইন্ডিয়ান্স। ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে ফাইনালে উঠে প্রতিবারই শিরোপা জেতে দলটি।
