শনিবার ২৮, নভেম্বর ২০২৬

শনিবার ২৮, নভেম্বর ২০২৬ -- : -- --

আদালত পরিদর্শনে আইন পাঠের বাস্তব অভিজ্ঞতা পেলেন গবি শিক্ষার্থীরা

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ পিএম

সংগৃহীত

আইন বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে ফরিদপুর জেলা ও দায়রা জজ আদালত এবং চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরিদর্শন করেছেন সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) আইন বিভাগের ২৮তম ব্যাচের শিক্ষার্থীরা।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা আদালতের বিচারকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে তারা আদালতের বিভিন্ন কার্যক্রম প্রত্যক্ষ করেন।

এসময় তারা ফরিদপর জেলা ও দায়রা জজ আদালত এবং চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সরেজমিনে পরিদর্শন করেন। সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব জিয়া হায়দার,অতিরিক্ত জেলা ও দায়রা জজ জনাব আবু হাসান খায়রুল্লাহ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব সেলিম রেজা শিক্ষার্থীদের আদলতের কার্যক্রম নিয়ে সার্বিক ধারণা প্রদান করেন।

পরিদর্শনকালে শিক্ষার্থীরা আদালতের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন। এ সময় আদালতের কার্যক্রম ও ফৌজদারি মামলার বিভিন্ন দিক সম্পর্কে ধারণা নেন তারা। পাশাপাশি মামলার ফাইল করার প্রক্রিয়া, আদালতের নথি সংরক্ষণ এবং বিচার কার্যক্রম পরিচালনার বিষয়েও অবগত হন।

শিক্ষার্থীরা জানান, নিয়মিত আদালত পরিদর্শনের মাধ্যমে তাদের বাস্তব জ্ঞান বৃদ্ধি ও আইনি দক্ষতা গড়ে উঠবে। অনুজ শিক্ষার্থীদের জন্যও এ ধরনের কার্যক্রম চালু রাখা জরুরি বলে মনে করেন তাঁরা।

আইন বিভাগের শিক্ষার্থী সবুজ মনি দাস বলেন, ‘আইন এত দিন পাঠ্যপুস্তকে পড়েছি। সেই আইনের প্রয়োগ কীভাবে হয়, তার বিভিন্ন ধাপ হাতে-কলমে দেখার সুযোগ হলো। একই সঙ্গে বিজ্ঞজনদের সঙ্গে কথা বলে নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে স্বচ্ছ ধারণা পাওয়ার সুযোগ হয়েছে। কোর্ট ভিজিটের এই ধারাবাহিকতা নিয়মিত চালু থাকুক।’

আইন বিভাগের সহকারী অধ্যাপক মো. আল আমিন বলেন,'আইনের শিক্ষার্থীদের জন্য কেবল শ্রেণিকক্ষের তাত্ত্বিক জ্ঞানই যথেষ্ট নয়, বরং নিয়মিত আদালতের বাস্তব কার্যক্রম প্রত্যক্ষ করা অত্যন্ত জরুরি। আদালত পরিদর্শনের মাধ্যমে শিক্ষার্থীরা বিচারিক প্রক্রিয়া, আইনজীবীদের যুক্তিতর্ক, মামলার শুনানি এবং আদালতের পরিবেশ পর্যবেক্ষণের মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা লাভ করতে পারবে। যা কেবল বই পড়ে অর্জন করা সম্ভব নয়। এ ধরনের ব্যবহারিক অভিজ্ঞতা তাদের ভবিষ্যতে একজন দক্ষ, আত্মবিশ্বাসী ও ন্যায়নিষ্ঠ আইনজীবী হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আইন বিভাগের প্রভাষক মুহাম্মাদ ওয়ালিদ হুসাইন বলেন, ‘কোর্ট ভিজিট আইন শিক্ষার্থীদের জন্য বাস্তবমুখী একটি অভিজ্ঞতা। এটি আদালতের কার্যক্রম সম্পর্কে একধরনের দিকনির্দেশনা দেয়। শিক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে নির্ধারিত পোশাক পরে আদালতের নিয়মশৃঙ্খলা মেনে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছে।’

এ সময় আইন বিভাগের সহকারী অধ্যাপক মো. মনজুরুল ইসলাম এবং প্রভাষক তৌহিদুল ইসলামসহ ২৮তম ব্যাচের সকল শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

 

Link copied!