বৃহস্পতিবার ২৬, নভেম্বর ২০২৬

বৃহস্পতিবার ২৬, নভেম্বর ২০২৬ -- : -- --

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন ২৮ নভেম্বর, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পিএম

ছবি: সংগৃহীত

উচ্চশিক্ষাকে আধুনিক, সময়োপযোগী ও কর্মসংস্থানমুখী করে তুলতে আগামী ২৮ নভেম্বর ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’ আয়োজন করছে জাতীয় বিশ্ববিদ্যালয়। দেশের ২ হাজার ৩১৮টি অধিভুক্ত কলেজের অধ্যক্ষদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য এ সম্মিলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক কার্যক্রম, সংস্কার উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন।

উপাচার্য জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজে বর্তমানে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী অধ্যয়ন করছেন। দেশের উচ্চশিক্ষায় থাকা মোট শিক্ষার্থীর প্রায় ৭০ শতাংশই এসব প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। অধ্যক্ষ সম্মিলনের মাধ্যমে কলেজগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যোগাযোগ ও সমন্বয় আরও জোরদার করা হবে। পাশাপাশি শিক্ষার মান বৃদ্ধি, পাঠ্যক্রম সংস্কার, দক্ষতাভিত্তিক শিক্ষা এবং কলেজ পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পাবে।

১৫৯ বিষয়ের কারিকুলাম সংস্কার, বাধ্যতামূলক হচ্ছে আইসিটি

উপাচার্য জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৫৯টি বিষয়ের পাঠ্যক্রম সংস্কারের কাজ চলছে। এসব বিষয়ের আওতায় থাকা ৪ হাজার ২০০টি কোর্সের মধ্যে ইতিমধ্যে ৫৫০টির সংস্কার শেষ হয়েছে। ২০৩০ সালের মধ্যে সব বিষয়ের কারিকুলাম হালনাগাদ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে অনার্স প্রথম বর্ষে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) এবং দ্বিতীয় বর্ষে প্রায়োগিক আইসিটি ও ইংরেজি বাধ্যতামূলক করা হয়েছে। পাঠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, আউটসোর্সিং, ডেটা প্রসেসিং, ফ্রিল্যান্সিং ও সেমিকন্ডাক্টর প্রযুক্তির বিষয়ও যুক্ত করা হয়েছে। অধিভুক্ত কলেজের ১২ হাজার শিক্ষককে আইসিটি প্রশিক্ষণের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে সাড়ে তিন হাজার শিক্ষকের প্রশিক্ষণ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

বিদেশি ভাষা ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে উদ্যোগ

আন্তর্জাতিক শ্রমবাজারে শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে ম্যান্ডারিন, জাপানি, কোরীয়, আরবি, জার্মান, স্প্যানিশ ও ফরাসি ভাষা শেখানোর উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয়। ইতিমধ্যে ২৭টি কলেজে ভাষা ক্লাব গঠন করা হয়েছে। চলতি বছরের মধ্যে আরও ১০০টি ভাষা ক্লাব প্রতিষ্ঠার কাজ চলছে।

নারী শিক্ষার্থীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ৫০ হাজার নারীকে ফ্রিল্যান্সিং ও আইসিটি প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া বর্তমান শিক্ষার্থী ও ঝরে পড়া তরুণদের জন্য ১০ থেকে ১৪ ক্রেডিটের মাইক্রো-লার্নিং ও মাইক্রো-ক্রেডেনশিয়াল কোর্স চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

এক বছরে কমেছে সেশনজট

উপাচার্য বলেন, বর্তমান প্রশাসনের সময়ে ২২১টি পরীক্ষা নেওয়া হয়েছে এবং সেগুলোর ফল প্রকাশ করা হয়েছে। এসব পরীক্ষায় অংশ নিয়েছেন ৬১ লাখ ২৮ হাজার ৫৯০ জন পরীক্ষার্থী। বিভিন্ন পর্যায়ে দীর্ঘদিনের সেশনজট থাকলেও ইতিমধ্যে তা এক বছর কমানো সম্ভব হয়েছে। ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে সেশনজট শূন্যে নামিয়ে আনার লক্ষ্য রয়েছে।

পরীক্ষার কারণে কলেজের নিয়মিত পাঠদান যাতে ব্যাহত না হয়, সে জন্য স্বতন্ত্র পরীক্ষা কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে ৩০০টি এবং পর্যায়ক্রমে ৫০০টি উপজেলায় এ ধরনের কেন্দ্র চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি অনার্স প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা আবারও চালু করা হয়েছে। প্রশাসনিক বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে ইতিমধ্যে ১২টি আঞ্চলিক কেন্দ্র চালু হয়েছে। পর্যায়ক্রমে আরও ২০টি কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।

গবেষণা ও শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক জোরদারেও কাজ করছে বিশ্ববিদ্যালয়। এ পর্যন্ত দেশি-বিদেশি ১৫০টি বিশ্ববিদ্যালয়, গবেষণা সংস্থা ও শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে। এ ছাড়া বাংলা একাডেমি, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এবং ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) সঙ্গে পাঠ্যপুস্তক ও প্রকাশনা কার্যক্রম নিয়ে সমঝোতা হয়েছে।

পাঁচ বছরে দুই কোটি গাছ লাগানোর লক্ষ্য

পরিবেশ সংরক্ষণে ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় আগামী পাঁচ বছরে দুই কোটি গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। ইতিমধ্যে ২৫০টি কলেজে এক লাখের বেশি গাছ লাগানো হয়েছে। একই সঙ্গে ‘গ্রিন ক্যাম্পাস, গ্রিন এনার্জি’ কর্মসূচির আওতায় ২৫০টি কলেজকে পরিবেশবান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার কাজ শুরু হয়েছে।

২০৩০ সালের মধ্যে কমপক্ষে এক হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যও রয়েছে বিশ্ববিদ্যালয়ের। শিক্ষার্থীদের মানসিক ও নৈতিক বিকাশে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচির মাধ্যমে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে।

এ ছাড়া ৬৪ জেলায় পারফরমিং আর্টস কলেজ সম্প্রসারণ এবং স্পোর্টস সায়েন্স বিভাগ চালুর পরিকল্পনা রয়েছে। দীর্ঘমেয়াদি ‘রোডম্যাপ ২০৩০’-এর আওতায় অধিভুক্ত কলেজগুলোকে স্থানীয় পর্যায়ের গবেষণা ও উদ্ভাবনকেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

অধ্যক্ষ সম্মিলন প্রসঙ্গে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা এবং কলেজ অধ্যক্ষদের সক্রিয় অংশগ্রহণ উচ্চশিক্ষার গুণগত পরিবর্তনকে আরও গতিশীল করবে। সম্মিলন সফল করতে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, দেশের ৬৪ জেলা থেকে আসা ২ হাজার ৩১৮টি অধিভুক্ত কলেজের অধ্যক্ষ ও অতিথিদের অংশগ্রহণে আয়োজনটি প্রাণবন্ত, ফলপ্রসূ ও তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে।

Link copied!