প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পিএম
নন-এমপিও শিক্ষকদের মিছিল-মিটিংয়ে সময় না দিয়ে শ্রেণিকক্ষে ফিরে পাঠদানে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, এমপিও পাওয়ার যোগ্যতা রয়েছে-এমন সব শিক্ষকই এমপিওভুক্ত হবেন। এ জন্য আন্দোলন বা মিছিল-মিটিংয়ের প্রয়োজন নেই।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নাটোরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
অনুষ্ঠানে শিক্ষকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো এবং জাতীয়করণের দাবিতে স্লোগান দেওয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘এখানে আসার পরেই দেখলাম এয়ারপোর্ট থেকে যেখানে যাই সেখানে ফুলের ছড়াছড়ি। আমার জন্য নন-এমপিও শিক্ষকরা ফুল নিয়ে আসছে এবং জাতীয়করণের স্লোগান তুলছে। যারা শিক্ষক, যাদের এমপিও পাওয়ার যোগ্যতা আছে তারা সকলেই এমপিও পাবেন। এই জন্য মিছিল-মিটিং করার কোনো প্রয়োজন নেই। ক্লাসরুমে যান, ক্লাস করান।’
কোন কোন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হওয়ার যোগ্য, সে বিষয়ে সরকারের ধারণা রয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা জানি কোন কোন কলেজ, কোন কোন স্কুল, কোন কোন মাদ্রাসা এমপিও পেতে পারে। আমরা তাদের এমপিও তাদের স্কুলে পৌঁছে দেব, আমাদের কাছে আসতে হবে না।’
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বদলির দাবির বিষয়ে তিনি বলেন, এ দাবিতে শিক্ষকরা অনশন করছেন। তবে আগে কোথাও বদলির এমন ব্যবস্থা ছিল না। বিএনপি সরকারের সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে তিনি এনটিআরসিএ প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু প্রতিষ্ঠানটির মাধ্যমে নিয়োগপ্রক্রিয়ায় ত্রুটি থাকায় এক প্রান্তের শিক্ষককে অন্য প্রান্তে চাকরির জন্য পাঠানোর পরিস্থিতি তৈরি হয়েছে।
শিক্ষামন্ত্রী বলেন, ‘সেটাকে আমি নিজ উদ্যোগে এই বদলি ব্যবস্থাকে কীভাবে ঠিক করা যায়, সেটা নিয়ে কাজ করছি। আমাকে কেউ বলেনি কাজ করার জন্য। যদি এই বদলি ব্যবস্থার রীতি থাকত, তাহলে আপনারা যদি দাবি করে আদায় করতে পারতেন, গত ২০ বছর, গত ১৯ বছর কোথায় ছিলেন? বললেন না?’
বদলি ব্যবস্থা নিয়ে কাজের অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর নয় মাসে এ বিষয়ে কমিটি গঠন, অ্যাপস তৈরি ও তালিকা প্রস্তুতের কাজ করছেন। এ সময় তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, ‘আমি নয় মাস হয়ে এসেছি। আমি কমিটি করছি, অ্যাপস তৈরি করছি, তালিকা করছি। এখন আপনি দাবি করেন-এই লোক দেখানো পলিটিক্স করে কোনো লাভ হবে না। আমার দায়িত্ব শিক্ষকদের কীভাবে সাহায্য করা যায়, তাদের কাছ থেকে শিক্ষার্থীদের জন্য লেখাপড়া আদায় করার পরিবেশ তৈরি করা যাবে, সে দায়িত্ব আমার। মিছিল-মিটিং করে হবে না।’
শিক্ষক নেতাদের ভূমিকা নিয়েও মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘করব আমি, আমি জানি কী করতে হবে। অতএব ওই পলিটিক্স ছেড়ে দেন, শিক্ষক নেতা হওয়ার দরকার নাই। শিক্ষক নেতা তিনি হবেন, যার সার্টিফিকেটে ভালো রেজাল্ট থাকবে। নকল সার্টিফিকেট দিয়ে শিক্ষক নেতা হওয়া যাবে না।’
শিক্ষকদের শ্রেণিকক্ষে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘আপনারা ক্লাসরুমে যান, নেতাগিরি ছাড়েন, পড়ালেখা করান আর আমরা আমাদের দায়িত্ব পালন করব। যদি করতে ব্যর্থ হই, তখন এসে কথা বলবেন। এমন কোনো রেকর্ড ছিল না যে প্রতি এত তারিখের ভিতরে করতে হবে-তখন দাবি করতেন।’
