প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পিএম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের সেশনজট ২০২৭ সালের মধ্যে শূন্যে নামিয়ে আনার পরিকল্পনা নিয়েছে বর্তমান প্রশাসন। এ লক্ষ্য অর্জন করা সম্ভব হলে সেশনজট জাদুঘরে চলে যাবে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ।
বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আগামী শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
অধ্যক্ষ সম্মিলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সংবাদ সম্মেলনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক কার্যক্রম ও বিভিন্ন উদ্যোগের অগ্রগতি তুলে ধরেন উপাচার্য। এ সময় সাংবাদিকদের হাতে লিখিতভাবে বিশ্ববিদ্যালয়ের নানা তথ্যও দেওয়া হয়।
লিখিত তথ্যে জানানো হয়, বর্তমান প্রশাসন দায়িত্ব নেওয়ার সময় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি পর্যায়ে দুই থেকে তিন বছরের বেশি সেশনজট ছিল। ইতিমধ্যে সেই জট এক বছর কমিয়ে আনা সম্ভব হয়েছে।
সেশনজট পুরোপুরি নিরসনে একাডেমিক ক্যালেন্ডার অনুসরণ, পরীক্ষা ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধি, মূল্যায়ন পদ্ধতি আধুনিক করা এবং প্রশাসনিক সমন্বয় জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব পদক্ষেপের মাধ্যমে ২০২৭ সালের মধ্যে সেশনজট শূন্যে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
