প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ০৯:০৮ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন।
এবার পাঁচটি ইউনিটের অধীনে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম পরিচালিত হবে। ইউনিটগুলো হলো-বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ‘এ’, কলা ও আইন অনুষদভুক্ত ‘বি’, বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘সি’, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ এবং চারুকলা অনুষদভুক্ত ‘ই’ ইউনিট।
ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীদের ২০২৩ অথবা ২০২৪ সালে এসএসসি বা সমমান এবং ২০২৬ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে ইউনিট অনুযায়ী আবেদনের জন্য প্রয়োজনীয় জিপিএ ও ফি ভিন্ন।
ইউনিটভিত্তিক আবেদনের যোগ্যতা ও ফি
‘এ’ ইউনিটে (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স) আবেদন করতে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৭.০০ থাকতে হবে। কোনো পরীক্ষায় জিপিএ ৩.০০-এর কম হলে আবেদন করা যাবে না। এ ইউনিটের আবেদন ফি ১ হাজার ২০০ টাকা।
‘বি’ ইউনিটে (কলা ও আইন) আবেদনের জন্য দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৬.০০ প্রয়োজন। তবে কোনো পরীক্ষায় জিপিএ ২.৭৫-এর নিচে থাকা যাবে না। এ ইউনিটের ফি ১ হাজার ২০০ টাকা।
‘সি’ ইউনিটে (বিজনেস স্টাডিজ) আবেদন করতে এসএসসি ও এইচএসসিতে মোট জিপিএ কমপক্ষে ৬.৫০ থাকতে হবে। কোনো পরীক্ষায় জিপিএ ৩.০০-এর কম গ্রহণযোগ্য হবে না। আবেদন ফি ১ হাজার ২০০ টাকা।
‘ডি’ ইউনিটে (সামাজিক বিজ্ঞান) আবেদনের ক্ষেত্রে দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৬.০০ থাকতে হবে। পাশাপাশি কোনো একক পরীক্ষায় জিপিএ ২.৭৫-এর নিচে হলে আবেদন করা যাবে না। এ ইউনিটের আবেদন ফিও ১ হাজার ২০০ টাকা।
অন্যদিকে, ‘ই’ ইউনিটে (চারুকলা) আবেদনের জন্য দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৫.৫০ থাকতে হবে। কোনো পরীক্ষায় জিপিএ ২.৫০-এর কম হওয়া যাবে না। এ ইউনিটে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০০ টাকা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এইচএসসি বা সমমান পরীক্ষায় সর্বোচ্চ দুটি বিষয়ে অনুত্তীর্ণ শিক্ষার্থীরাও নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন। তবে পরবর্তী সময়ে সংশ্লিষ্ট ইউনিটের নির্ধারিত যোগ্যতা পূরণ করতে না পারলে তাদের আবেদন বাতিল হবে।
জানুয়ারিতে ভর্তি পরীক্ষা
বিশ্ববিদ্যালয়ের ভর্তি সূচি অনুযায়ী, আগামী বছরের জানুয়ারিতে পাঁচটি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত চলবে। সূচি অনুযায়ী, ১ জানুয়ারি ‘এ’ ইউনিট, ৮ জানুয়ারি ‘ই’ ইউনিট, ১৫ জানুয়ারি ‘বি’ ইউনিট, ২২ জানুয়ারি ‘সি’ ইউনিট এবং ২৩ জানুয়ারি ‘ডি’ ইউনিটের পরীক্ষা নেওয়া হবে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য, যোগ্যতার শর্ত ও আবেদন প্রক্রিয়া বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট [admission.jnu.ac.bd](https://admission.jnu.ac.bd) থেকে জানা যাবে।
