প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ পিএম
কুয়েতের একটি সামরিক স্থাপনায় ড্রোন হামলায় ইতালির দুই নাগরিক নিহত হওয়ার ঘটনায় নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করেছে ইরান। গত বৃহস্পতিবারের এ হামলার পেছনে যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের হাত থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছে তেহরান। দেশটির দাবি, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল করতে এ ধরনের সাজানো হামলা চালানো হয়ে থাকতে পারে।
ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় নিহত দুজনই বেসামরিক প্রযুক্তিবিদ। তারা জার্মান প্রতিরক্ষা প্রতিষ্ঠান রাইনমেটালের ইতালীয় শাখা ‘রাইনমেটাল ইতালিয়া’তে কর্মরত ছিলেন। কুয়েতের সামরিক বাহিনীর ব্যবহৃত স্কাইগার্ড আকাশ প্রতিরক্ষাব্যবস্থার অ্যানটেনা রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন তারা। এ ঘটনায় কুয়েত ও পাকিস্তানের দুই নাগরিকও আহত হয়েছেন। জার্মানির প্রতিরক্ষা শিল্পপ্রতিষ্ঠান রাইনমেটাল ইউরোপের অন্যতম বৃহৎ অস্ত্র উৎপাদনকারী কোম্পানি। সামরিক যান, গোলাবারুদ ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা তৈরি করে প্রতিষ্ঠানটি।
ইরানকে দায়ী করল উপসাগরীয় সহযোগিতা পরিষদ
ছয়টি আরব রাজতান্ত্রিক দেশের আঞ্চলিক জোট উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) এ হামলার জন্য ইরানকে দায়ী করেছে। জিসিসির মহাসচিব জাসেম মোহাম্মদ আলবুদাইউই বলেন, ‘যে অজুহাত বা যুক্তিই দেখানো হোক না কেন, এটি অত্যন্ত বিপজ্জনক ও অগ্রহণযোগ্য উত্তেজনা বৃদ্ধি।’
এদিকে ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি জানিয়েছেন, হামলার ঘটনায় ইরানের দূতাবাসের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানাবে তার দেশ। তাজানি বলেন, ‘এই মুহূর্তে নতুন করে সংঘাতের কেন্দ্র তৈরি করার কোনো প্রয়োজন নেই।...ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধে উপসাগরীয় দেশগুলো জড়িত নয়।’
সাজানো হামলার অভিযোগ তেহরানের
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভিতে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শেকারচি হামলার সঙ্গে ইরানের কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেন। তিনি বলেন, ঘটনার দিন উপসাগরীয় অঞ্চলে ইরান কোনো ‘সামরিক বা আক্রমণাত্মক অভিযান’ পরিচালনা করেনি।
শেকারচির অভিযোগ, অতীতেও এ অঞ্চলে নিরাপত্তাহীনতা বাড়ানোর উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অন্যের ওপর দায় চাপাতে সাজানো হামলা চালিয়েছে। তবে নিজের দাবির সমর্থনে কোনো বিস্তারিত তথ্য বা প্রমাণ দেননি ইরানের এই সামরিক মুখপাত্র।
উপসাগরীয় অঞ্চলে পাল্টাপাল্টি হামলা
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরুর পর থেকে কুয়েতসহ উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। এসব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে। ইরানের অভিযোগ, দেশগুলো নিজেদের ভূখণ্ড ব্যবহার করে ওয়াশিংটনকে ইরানে হামলা চালানোর সুযোগ করে দিচ্ছে।
সর্বশেষ গত ১৭ নভেম্বর ইরানে হামলা চালানোর কথা স্বীকার করে যুক্তরাষ্ট্র। ওই দিন হরমুজ প্রণালির কেশম দ্বীপে ইরানের একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থলে অভিযান চালায় মার্কিন বাহিনী। ওয়াশিংটনের দাবি, মার্কিন সেনা ও সামরিক স্থাপনায় ইরানের হামলার জবাব দিতেই ওই অভিযান পরিচালনা করা হয়। এর পরদিন ১৮ নভেম্বর কুয়েতের আলী আল সালেম বিমানঘাঁটিতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি করে ইরান। এর তিনদিন পর, ২১ নভেম্বর বাহরাইনে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার বিভিন্ন স্থাপনায় হামলা চালানোর কথাও জানায় তেহরান।
