প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ১১:০৯ এএম
দেশে কারিগরি শিক্ষায় শিক্ষার্থী কমছে, বাড়ছে ঝরে পড়ার হার। গত পাঁচ বছরে এসএসসি, এইচএসসি ও ডিপ্লোমা পর্যায়ে আনুষ্ঠানিক কারিগরি শিক্ষায় শিক্ষার্থী কমেছে ১৪ দশমিক ৬ শতাংশ। একই সঙ্গে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক পদ শূন্যের হার দাঁড়িয়েছে ৮১ দশমিক ৫৫ শতাংশে। শিক্ষকসংকট, অপ্রতুল বরাদ্দ ও ব্যবহারিক প্রশিক্ষণের সীমাবদ্ধতায় দক্ষ জনশক্তি তৈরির এ গুরুত্বপূর্ণ শিক্ষাখাত নানা সংকটে পড়েছে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) এক গবেষণায় এসব চিত্র উঠে এসেছে। টেকসই উত্তরণ প্রকল্পের আওতায় করা এ গবেষণায় কারিগরি শিক্ষার শিক্ষার্থী ভর্তি, ঝরে পড়া, শিক্ষকসংকট, অর্থায়ন এবং কর্মসংস্থানের বিভিন্ন দিক বিশ্লেষণ করা হয়েছে।
গবেষণার তথ্য অনুযায়ী, ২০১৯-২০ শিক্ষাবর্ষে এসএসসি, এইচএসসি ও ডিপ্লোমা পর্যায়ে মোট শিক্ষার্থী ছিল চার লাখ ৮৮ হাজার ৫৫২ জন। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে তা কমে দাঁড়িয়েছে চার লাখ ১৭ হাজার ৩৫৬ জনে।
পাঁচ বছরে শিক্ষার্থী কমেছে ৭১ হাজার ১৯৬ জন। এর মধ্যে এইচএসসি পর্যায়ে শিক্ষার্থী কমেছে সবচেয়ে বেশি। ২০১৯-২০ শিক্ষাবর্ষে এ পর্যায়ে শিক্ষার্থী ছিল দুই লাখ ছয় হাজার ৭৫৩ জন, যা ২০২৩-২৪ খ্রিষ্টাব্দে নেমে এসেছে এক লাখ ৫৮ হাজার ৭০৬ জনে। একই সময়ে ডিপ্লোমা পর্যায়ে শিক্ষার্থী কমেছে ৮১ হাজার ৭৬ থেকে ৬৮ হাজার ৭৮২ জনে। এসএসসি পর্যায়েও শিক্ষার্থী কমেছে।
শুধু ভর্তি কমা নয়, ভর্তি হওয়ার পরও উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী পড়াশোনা শেষ করতে পারছে না। গবেষণায় উদ্ধৃত কারিগরি শিক্ষা অধিদপ্তরের ২০২৩ খ্রিষ্টাব্দের বার্ষিক খাতভিত্তিক প্রতিবেদন (এএসপিআর) অনুযায়ী, এইচএসসি ভোকেশনাল পর্যায়ে ঝরে পড়ার হার ৪৪.৫৭ শতাংশ। সাধারণ এইচএসসি পর্যায়ে এ হার ১৯.৪ শতাংশ। এসএসসি ভোকেশনালে ঝরে পড়ার হার ২৯ শতাংশ এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে ৭.৬৮ শতাংশ।
কারিগরি শিক্ষার আরেকটি বড় সমস্যা শিক্ষকসংকট। গবেষণায় ডিটিইর তথ্য তুলে ধরে বলা হয়েছে, ২০২২-২৩ খ্রিষ্টাব্দে অধিদপ্তরের অধীন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক পদ শূন্যের হার ছিল ৮১.৫৫ শতাংশ। ২০২১ খ্রিষ্টাব্দে এ হার ছিল ৪১.৬৪ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে শিক্ষকসংকট ব্যাপকভাবে বেড়েছে।
শিক্ষকসংকটের প্রভাব পড়ছে শেণিকক্ষ ও ব্যাবহারিক প্রশিক্ষণে। গবেষণায় ৫০টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের এক লাখ ৫৪ হাজার ২৪৭ শিক্ষার্থীর বিপরীতে নিয়মিত শিক্ষক পাওয়া গেছে এক হাজার ৪২৬ জন। সেখানে একজন শিক্ষকের বিপরীতে শিক্ষার্থী ১০৮ জনের বেশি। ১০৭টি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ৬৫ হাজার ৪৫৬ শিক্ষার্থীর বিপরীতে নিয়মিত শিক্ষক এক হাজার ৩৩ জন। এসব প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী অনুপাত ১ঃ৬৩। দুই ধরনের প্রতিষ্ঠান মিলিয়ে প্রতি শিক্ষকের বিপরীতে শিক্ষার্থী প্রায় ৮৯ জন।
শিক্ষকসংকটের পাশাপাশি অর্থায়নেও পিছিয়ে রয়েছে কারিগরি শিক্ষা। গবেষণা অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ০.১ শতাংশের কম। একই অর্থবছরে শিক্ষা বাজেটের ১২.৪৪ শতাংশ ছিল কারিগরি শিক্ষার অংশ। কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের বরাদ্দের প্রায় ৬০ শতাংশ মাদরাসা শিক্ষা এবং ৪০ শতাংশ কারিগরি শিক্ষায় ব্যয় হয়। এর মধ্যে সরকারি পলিটেকনিক ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের জন্য সরাসরি ব্যয় হয় বিভাগের বাজেটের মাত্র ১০ শতাংশ।
শিক্ষার্থীপ্রতি ব্যয়ের ব্যবধানও বড়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যুরো অব ইকোনমিক রিসার্চের ২০২৪ খ্রিষ্টাব্দের ডিসেম্বরের গবেষণার বরাত দিয়ে মূল প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে একজন শিক্ষার্থীর পেছনে বছরে ব্যয় হয় ২৭ হাজার ৯১১ টাকা। সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে এ ব্যয় ৩১ হাজার ৮১৬ টাকা। অন্যদিকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) শিক্ষার্থীপ্রতি বার্ষিক ব্যয় তিন লাখ ১৪ হাজার ৪৭৮ টাকা। অর্থাৎ বুয়েটের তুলনায় সরকারি পলিটেকনিকে একজন শিক্ষার্থীর পেছনে ব্যয় প্রায় শতকরা ১১ ভাগের এক ভাগ।
গবেষণার সুপারিশে কারিগরি শিক্ষায় বিনিয়োগ বাড়ানো, শূন্য পদে শিক্ষক নিয়োগ, আধুনিক ল্যাব ও যন্ত্রপাতি নিশ্চিত করা এবং শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যকর সংযোগ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, ব্যাবহারিক প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর সুপারিশ করা হয়েছে।
