হাবিপ্রবি থেকে ডালিম চন্দ্র রায়
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ০৭:২১ পিএম
মঙ্গলবার ১৭, নভেম্বর ২০২৬ -- : -- --
ছবি। ক্যাম্পাস রিপোর্ট
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা, ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং কৃষিতে নতুন সম্ভাবনা তৈরির লক্ষ্যে প্যানজিনোমভিত্তিক টার্টারি বাকহুইট প্রজনন ও জলবায়ু-সহনশীল কৃষি বিষয়ে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি)।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের কনফারেন্স রুমে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চীনের বেইজিংয়ে অবস্থিত চাইনিজ একাডেমি অব অ্যাগ্রিকালচারাল সায়েন্সেসের (সিএএএস) ইনস্টিটিউট অব ক্রপ সায়েন্সের অধ্যাপক ড. মেইলিয়াং ঝো।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্লাহ। বক্তব্যে তিনি এ ধরনের আন্তর্জাতিক সেমিনার আয়োজনের জন্য বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগকে ধন্যবাদ জানান।
তিনি বিশেষভাবে অধ্যাপক ড. মেইলিয়াং ঝো-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সুদূর বেইজিং থেকে এসে তিনি প্যানজিনোমভিত্তিক প্রজনন প্রযুক্তির মাধ্যমে টার্টারি বাকহুইটের উচ্চ অভিযোজনক্ষমতা ও ফলন বৃদ্ধির বিষয়ে তাঁর গবেষণালব্ধ জ্ঞান সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন।
উপাচার্য আরও বলেন, চাইনিজ একাডেমি অব অ্যাগ্রিকালচারাল সায়েন্সেস বিশ্বজুড়ে কৃষি গবেষণায় একটি সুপরিচিত প্রতিষ্ঠান। এ সেমিনারের মাধ্যমে হাবিপ্রবি ও সিএএএসের মধ্যে যৌথ গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং প্রযুক্তি হস্তান্তরের নতুন সুযোগ তৈরি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তরুণ গবেষক ও শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের বিজ্ঞানীদের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে আধুনিক জিনোমিকস ও প্যানজিনোম প্রযুক্তি কাজে লাগিয়ে দেশের কৃষি উন্নয়নে ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করেন।
কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান বাহাদুরের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মাসুদুল হাসান খান। এ ছাড়া স্নাতকোত্তর অধ্যয়ন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু হাসান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এস এম এমদাদুল হাসান এবং বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবু সাঈদসহ কৃষি অনুষদের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সেমিনারে জিনগত বৈচিত্র্য শনাক্তকরণ এবং উন্নত ফসলের জাত উদ্ভাবনে প্যানজিনোমভিত্তিক সরঞ্জামের সম্ভাবনা তুলে ধরা হয়। আলোচনায় সাধারণ বাকহুইট (Fagopyrum esculentum) ও টার্টারি বাকহুইট (Fagopyrum tataricum)-এর পুষ্টিগুণ, কৃষিতে ব্যবহার এবং সম্ভাবনা নিয়েও আলোচনা করা হয়।
বিজ্ঞানীদের মতে, বাকহুইট প্রকৃত অর্থে শস্যজাতীয় ফসল নয়; এটি একটি ছদ্মশস্য বা সিউডোসেরিয়াল। এতে লাইসিনসহ প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিডসমৃদ্ধ প্রোটিন, খাদ্যআঁশ, ম্যাগনেশিয়াম ও আয়রনের মতো খনিজ উপাদান রয়েছে। প্রাকৃতিকভাবে গ্লুটেনমুক্ত হওয়ায় এটি গ্লুটেনমুক্ত খাদ্যাভ্যাস অনুসরণকারীদের জন্য সম্ভাবনাময় বিকল্প হতে পারে।
এ ছাড়া বাকহুইটে থাকা ফ্ল্যাভোনয়েড ও ফেনোলিক যৌগ, বিশেষ করে রুটিন ও কোয়ারসেটিন নিয়ে বিভিন্ন গবেষণা চলছে। এসব উপাদানের অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহবিরোধী কার্যকারিতা নিয়েও বৈজ্ঞানিক অনুসন্ধান অব্যাহত রয়েছে। মানবদেহে রক্তের গ্লুকোজ ও লিপিডের কিছু সূচকের ওপর সম্ভাব্য ইতিবাচক প্রভাব নিয়েও গবেষণায় ইঙ্গিত পাওয়া গেছে।
সেমিনারে জানানো হয়, বাকহুইট স্বল্পমেয়াদি ও অবহেলিত ফসল হলেও কৃষিব্যবস্থায় বৈচিত্র্য আনা, খাদ্য ও পুষ্টিনিরাপত্তা বাড়ানো এবং প্রতিকূল পরিবেশে চাষাবাদের ক্ষেত্রে এর সম্ভাবনা রয়েছে। তবে অতিরিক্ত তাপমাত্রা, পানির সংকট এবং জিনগত বৈশিষ্ট্যের সঙ্গে পরিবেশের পারস্পরিক প্রভাব এর উৎপাদনশীলতায় প্রভাব ফেলতে পারে। তাই বাংলাদেশের জন্য উপযোগী জাত নির্বাচন ও উদ্ভাবনে স্থানীয় পর্যায়ে পরীক্ষা-নিরীক্ষা, অঞ্চলভিত্তিক মাঠপর্যায়ের গবেষণা, প্রজনন এবং কৃষিতাত্ত্বিক মূল্যায়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।
বাংলাদেশে বাকহুইট চাষের সম্ভাবনা কাজে লাগাতে জার্মপ্লাজম মূল্যায়ন, জিনোম ও আণবিক বৈশিষ্ট্য নির্ধারণ, উপযোগী উৎপাদন পদ্ধতি উদ্ভাবন এবং বাকহুইট থেকে গ্রোটস, আটা, নুডলসসহ বিভিন্ন মূল্য সংযোজিত খাদ্যপণ্য তৈরির সুযোগ নিয়েও আলোচনা হয়।
আন্তর্জাতিক গবেষণার অভিজ্ঞতার সঙ্গে বাংলাদেশের ফসলের বৈচিত্র্যকরণ ও পুষ্টিনিরাপত্তার অগ্রাধিকারকে সমন্বয় করে ভবিষ্যতে যৌথ গবেষণা ও প্রযুক্তিগত সহযোগিতা সম্প্রসারণ করাই ছিল এ সেমিনারের অন্যতম লক্ষ্য।