জাবিপ্রবি থেকে মোঃ জসিম উদ্দিন
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ পিএম
সোমবার ১৬, নভেম্বর ২০২৬ -- : -- --
সারাদেশে ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সমাবেশ করেছেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) বিভিন্ন বিভাগের শিক্ষকরা। সমাবেশ থেকে এসব কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।
রোববার (১৫ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশ নেন। এ সময় দেশের বর্তমান পরিস্থিতিতে সন্ত্রাসী অপতৎপরতা ও ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমান বলেন, ‘সুন্দর ও স্বচ্ছ উপায়ে একটি নির্বাচিত সরকার দেশ পরিচালনা করছে। এ অবস্থায় এ ধরনের বিশৃঙ্খলার প্রতিবাদ জানাচ্ছি। সাধারণ শিক্ষক হিসেবে আমরা মাঠে নেমেছি, যাতে উসকানিমূলক কর্মকাণ্ড, অগ্নিসংযোগ কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা কেউ করতে না পারে। নিষিদ্ধ সংগঠনগুলো এ ধরনের অপতৎপরতা চালালে শিক্ষক সমাজ, শিক্ষার্থীসহ সবাই মিলে তা প্রতিহত করব।’
সহকারী প্রক্টর মোহাম্মদ হাসান বলেন, ‘বেশ কিছুদিন ধরে আমরা লক্ষ্য করছি, দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে। একটি নির্দিষ্ট গোষ্ঠী এ পরিস্থিতি সৃষ্টির জন্য দায়ী। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।’
সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক ড. আল মামুন সরকার বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ যেন রাজপথে না আসে এবং নিজেদের কৃতকর্মের জন্য অনুশোচনা করে। তারা রাজপথে এলে প্রশাসনিকভাবে এবং গণতান্ত্রিক উপায়ে অন্যান্য পন্থায় আমরা তা প্রতিহত করব। তাদের সমুচিত জবাব দেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়েও যারা আছেন, তাদের বলতে চাই, আপনারা যদি কোনো ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত থাকেন, তাহলে ভুল করছেন। আপনারা ফিরে এসে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহযোগিতা করবেন। এর মাধ্যমেই দেশ গঠনে ভূমিকা রাখা সম্ভব।’
সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিজয়-২৪ হলের প্রভোস্ট ড. মো. মুহাম্মদ ফরহাদ আলী, রিসার্চ সেলের ভারপ্রাপ্ত পরিচালক ড. মাহমুদুল হাছান, ইইই বিভাগের চেয়ারম্যান মো. সিজার রহমান, সহকারী অধ্যাপক ইমরুল কবিরসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা।