যবিপ্রবি থেকে মোঃ মাহিদুল হাসান নাইম
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পিএম
রবিবার ১৫, নভেম্বর ২০২৬ -- : -- --
আলোচনা সভা, নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে এ অনুষ্ঠানের আয়োজন করে বিভাগটি। অনুষ্ঠানে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী বিভাগের শিক্ষার্থীদেরও সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।
উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, সিএসই বিভাগ দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে রয়েছে। এখানে দেশের মেধাবী শিক্ষার্থীরা পড়ার সুযোগ পান। বিশ্ববিদ্যালয়ের চার বছর শিক্ষার্থীদের জন্য মূলত কঠোর প্রশিক্ষণের সময়। শিক্ষকদের দেওয়া অ্যাসাইনমেন্ট ও পড়াশোনার চাপ ভবিষ্যৎ কর্মজীবনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং পেশাদারত্ব অর্জনে সহায়তা করে।
তিনি আরও বলেন, কঠোর পরিশ্রম ও দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদী। শিক্ষার্থীদের শুধু চাকরিপ্রার্থী না হয়ে উদ্ভাবনী চিন্তার মাধ্যমে উদ্যোক্তা বা চাকরিদাতা হওয়ার আহ্বান জানান তিনি। এ ক্ষেত্রে সরকারি স্টার্টআপ ফান্ডিং কাজে লাগানোর পরামর্শও দেন।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় প্রথম হওয়ার পেছনে না ছুটে দক্ষ ও ভালো মানুষ হওয়ার চেষ্টা করতে হবে। কেবল একটি সার্টিফিকেট অর্জনের জন্য বিশ্ববিদ্যালয়ে আসা উচিত নয়। বিশ্ববিদ্যালয় জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের বিস্তৃত ক্ষেত্র। পারিপার্শ্বিক অবস্থা থেকে সেরাটা গ্রহণ করে মানবসভ্যতায় অবদান রাখার আহ্বান জানান তিনি। নবীন ও বিদায়ী-উভয় শিক্ষার্থীকেই এ প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মো. কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিভাগের অধ্যাপক ড. মো. আলম হোসেন, প্রভাষক এসকে. সালাউদ্দীন কবীর এবং শিক্ষার্থী মো. জসিম উদ্দিন ও মো. নিশাত। এ সময় বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্বে সন্ধ্যায় বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।