বৃহস্পতিবার ১২, নভেম্বর ২০২৬

বৃহস্পতিবার ১২, নভেম্বর ২০২৬ -- : -- --

খুবিতে তরুণদের বিজ্ঞান উদ্ভাবন প্রদর্শনী, নির্বাচিত ৫০ প্রকল্প

খুলনা বিশ্ববিদ্যালয় থেকে অর্পিতা

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ পিএম

তরুণ শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটাতে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) অনুষ্ঠিত হয়েছে ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’ শীর্ষক বিজ্ঞান প্রতিযোগিতার খুলনা বিভাগীয় পর্ব। জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় ৭৫টি বিজ্ঞান প্রকল্প উপস্থাপন করা হয়। যাচাই-বাছাই শেষে এর মধ্যে ৫০টি প্রকল্প নির্বাচিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিনব্যাপী খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিযোগিতা ও প্রকল্প প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে খুলনা অঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এবং যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত। বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল। এ ছাড়া খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের উদ্ভাবিত বিভিন্ন বিজ্ঞান প্রকল্প ঘুরে দেখেন এবং প্রকল্পগুলোর ধারণা ও সম্ভাবনা সম্পর্কে খোঁজখবর নেন।

প্রকল্প পরিদর্শন শেষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘আমরা ঘুরে ঘুরে ৮-১০টি প্রজেক্ট দেখলাম। কৃষি, ফিশারিজ ও গবাদিপশু নিয়ে করা প্রকল্পগুলো খুবই আশাব্যঞ্জক। এসব প্রকল্প বৃহত্তর পরিসরে বাস্তবায়নের সুযোগ রয়েছে। যাঁরা এসব উদ্যোগ নিয়েছেন, তাঁরা যেন আরও বড় পরিসরে কাজ করতে পারেন, সে ক্ষেত্রে আমরা সর্বাত্মক ভূমিকা রাখব।’

জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল বলেন, ‘আজকের এই উদ্যোগটি অত্যন্ত সময়োপযোগী। আমরা ডিজিটাল যুগে বসবাস করছি। আজকের উদ্ভাবনগুলো বাস্তবায়ন করা সম্ভব হলে আমরা অনেক দূর এগিয়ে যাব। এর মাধ্যমে বাংলাদেশকেও আরও এগিয়ে নেওয়া সম্ভব।’

আয়োজনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি বিজ্ঞান প্রকল্প উপস্থাপন করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানায়, দেশব্যাপী তরুণ বিজ্ঞানীদের খুঁজে বের করা এবং তাদের উদ্ভাবনী শক্তিকে জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যেই ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।

Link copied!