প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ১০:৪০ এএম
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ভাষা শহীদ আবদুস সালাম হলে নতুন করে সিট বরাদ্দের বিজ্ঞপ্তি প্রকাশ ও সাক্ষাৎকার গ্রহণের দুই মাস পেরিয়ে গেলেও এখনো চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়নি। হল প্রভোস্টদের মধ্যে সমন্বয়হীনতা এবং সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রয়োজনীয় মেধাতালিকা যথাসময়ে না পাওয়ায় বরাদ্দ প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে বলে জানিয়েছেন হল প্রভোস্ট। এতে আবাসন সংকটে থাকা আবেদনকারী শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, ভাষা শহীদ আবদুস সালাম হলে নতুন করে সিট বরাদ্দের লক্ষ্যে গত ৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরবর্তী সময়ে ৮ সেপ্টেম্বর আবেদনকারী শিক্ষার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়। তবে সাক্ষাৎকার গ্রহণের দুই মাসের বেশি সময় পেরিয়ে গেলেও এখনো বরাদ্দের ফল প্রকাশ করা হয়নি।
শিক্ষার্থীদের দাবি, দীর্ঘসূত্রিতার অবসান ঘটিয়ে দ্রুত সিট বরাদ্দের ফল প্রকাশ করতে হবে। পাশাপাশি সিট বরাদ্দের ক্ষেত্রে কোনো ধরনের স্বজনপ্রীতি, রাজনৈতিক প্রভাব কিংবা বৈষম্য না রাখারও দাবি জানিয়েছেন তাঁরা।
২০২২-২৩ শিক্ষাবর্ষের অণুজীববিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী বলেন, “বিশ্ববিদ্যালয়ের একজন নিয়মিত শিক্ষার্থী হিসেবে হলে সিট বরাদ্দ না পাওয়ায় আমি অত্যন্ত হতাশ ও উদ্বিগ্ন। আমার দাবি, সিট বরাদ্দে কোনো ধরনের স্বজনপ্রীতি, রাজনৈতিক প্রভাব বা বৈষম্য রাখা যাবে না। শিক্ষার্থীদের আবাসন কোনো বিলাসিতা নয়, এটি একটি মৌলিক প্রয়োজন। তাই শিক্ষার্থীদের যৌক্তিক দাবি বিবেচনা করে দ্রুত হলে সিট বরাদ্দের ব্যবস্থা করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।”
নাম প্রকাশ অনিচ্ছুক ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ব্যবসায় প্রশাসন বিভাগের এক শিক্ষার্থী বলেন, “গত ৮ সেপ্টেম্বর হলে সিট বরাদ্দের জন্য ভাইভা নেওয়া হয়েছিল। তবে দীর্ঘ দুই মাস পেরিয়ে গেলেও এখনো আমরা ফলাফল পাইনি। এটি হল প্রশাসনের চরম খামখেয়ালিপনা ও শিক্ষার্থীদের ব্যাপারে উদাসীনতার পরিচয় দিচ্ছে। বিশ্ববিদ্যালয়ে বিরাজমান আবাসন সংকটের কারণে আমাদের এমনিতেই বেশি ভাড়া দিয়ে মেসে থাকতে হচ্ছে, যা জীবনধারণের জন্য কষ্টকর। অবিলম্বে এই দীর্ঘসূত্রিতার অবসান ঘটিয়ে দ্রুত ফল প্রকাশ করে বৈধ সিট নিশ্চিত করা হোক।”
এ বিষয়ে জানতে চাইলে ভাষা শহীদ আবদুস সালাম হলের প্রভোস্ট মো. ফরিদ দেওয়ান বলেন, হল বরাদ্দে বিলম্বের মূল কারণ নিজেদের মধ্যে সমন্বয়ের অভাব। শিক্ষার্থীদের মেধাতালিকাভিত্তিক যে তালিকা প্রয়োজন, সেটি যথাসময়ে পাওয়া যায়নি। ফলে তালিকা নিয়ে পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করে চূড়ান্ত তালিকা প্রস্তুত করতে কিছুটা সময় লাগছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী সোমবারের মধ্যে হল বরাদ্দের তালিকা প্রকাশ করা সম্ভব হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, “আমি হলের প্রভোস্টের সঙ্গে কথা বলে দেখব, এখনো কেন আসন বরাদ্দ দেওয়া হয়নি। পাশাপাশি দ্রুত শিক্ষার্থীদের আসন বরাদ্দের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে বলব।”
