প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ১১:৪৯ পিএম
‘কুলহারা কলঙ্কিনী’—সমাজের প্রতি অভিমান থেকে নিজেকে এভাবেই আখ্যায়িত করেছিলেন বাউলসম্রাট শাহ আবদুল করিম। যে মানুষটির গানে মিশে আছে ভাটির জনপদের মাটি, মানুষের জীবনসংগ্রাম আর শেকড়ের সুর, তাঁর গানেই সন্ধ্যা কাটালেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ্ কলা ভবনের সামনে ‘কুলহারা কলঙ্কিনী’ শিরোনামে এ বিশেষ গানের আয়োজন করা হয়। ‘সর্বজনের সংস্কৃতি’র উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের ইভেন্ট পার্টনার ছিল সাপ্তক ইভেন্ট ম্যানেজমেন্ট।
শাহ আবদুল করিমের গান ও জীবনদর্শনকে নতুন করে স্মরণ করার পাশাপাশি মাটি ও মানুষের গানকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ছিল এ আয়োজনের মূল ভাবনায়। আয়োজকদের আহ্বান ছিল, আসুন, সবাই মিলে শাহ আবদুল করিমের গান গাই, গাই মাটি ও মানুষের গান।
দারিদ্র্য আর প্রতিকূলতার মধ্যে বেড়ে ওঠা শাহ আবদুল করিমের গানের প্রতি আগ্রহ তৈরি হয়েছিল রাখাল হিসেবে কাজ করার সময় থেকেই। জীবনের অভিজ্ঞতা, ভাটির মানুষের সুখ-দুঃখ, প্রেম, বিরহ ও সমাজবাস্তবতা উঠে এসেছে তাঁর গানে। তবে গানের জন্য তাঁকে বিভিন্ন সময়ে বাধা ও সমালোচনার মুখেও পড়তে হয়েছে।
সমাজের একাংশের বিরূপ মনোভাব ও গানের প্রতি অসহিষ্ণুতার অভিজ্ঞতা তাঁর গানে উঠে এসেছে। তিনি গেয়েছিলেন, ‘হিংসাখোরগণ বলে এখন আবদুল করিম নেশাখোর, ধর্ম-কর্মের ধার ধারেনা গান-বাজনাতে রয় বিভোর।’
শাহ আবদুল করিমের গানের চর্চা ও পরিবেশনার পরিসর নিয়ে উদ্বেগের প্রসঙ্গও সামনে এনেছেন আয়োজকেরা। তাঁদের বক্তব্যে উঠে এসেছে, ২০২০ সালে তাঁর শিষ্য রণেশ ঠাকুরের গানের আসরঘরে অগ্নিসংযোগের ঘটনা। সাম্প্রতিক সময়েও বিভিন্ন স্থানে গানের আসর বন্ধ করে দেওয়ার ঘটনা সাংস্কৃতিক চর্চার পরিবেশ নিয়ে প্রশ্ন তৈরি করেছে।
এমন বাস্তবতায় শাহ আবদুল করিমের গানকে স্মরণ করার পাশাপাশি সাংস্কৃতিক চর্চার স্বাধীনতা ও লোকসংগীতের ঐতিহ্য ধরে রাখার আহ্বান জানায় এ আয়োজন।
শাহ আবদুল করিম কেবল একজন বাউলশিল্পী নন; তাঁর গান ভাটির মানুষের জীবন, প্রতিবাদ ও ভালোবাসার এক অনন্য দলিল। প্রজন্ম থেকে প্রজন্মে সেই সুর বাঁচিয়ে রাখার প্রত্যয়েই ‘কুলহারা কলঙ্কিনী’ আয়োজন।
