বৃহস্পতিবার ১৯, নভেম্বর ২০২৬

বৃহস্পতিবার ১৯, নভেম্বর ২০২৬ -- : -- --

কিউএস টেকসই বিশ্ববিদ্যালয় র‌্যাংকিংয়ে দেশে পঞ্চম রাবি

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ১২:৪৪ এএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) বিশ্বসেরা টেকসই বিশ্ববিদ্যালয় র‌্যাংকিংয়ে দেশে পঞ্চম স্থান অর্জন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। একই সঙ্গে গত বছরের তুলনায় বৈশ্বিক অবস্থানে ৬৫ ধাপ এগিয়েছে বিশ্ববিদ্যালয়টি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রকাশিত ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিংস: ২০২৭ সাসটেইনেবিলিটি’ শীর্ষক তালিকায় রাবির অবস্থান ৯৭৭তম। গত বছর বিশ্ববিদ্যালয়টির অবস্থান ছিল ১ হাজার ৪১ থেকে ১ হাজার ৫০-এর মধ্যে। এবারের তালিকায় বাংলাদেশের ২৫টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রাবির অবস্থান পঞ্চম।

বুধবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এবারের র‌্যাংকিংয়ে বিশ্বের ২ হাজার ৩টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। তিনটি প্রধান সূচকের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোর টেকসই উন্নয়ন কার্যক্রম মূল্যায়ন করা হয়েছে। এর মধ্যে পরিবেশগত প্রভাবের জন্য ৪৫ শতাংশ, সামাজিক প্রভাবের জন্য ৪৫ শতাংশ এবং শাসনগত প্রভাবের জন্য ১০ শতাংশ নম্বর নির্ধারণ করা হয়েছে। এসব সূচকের সম্মিলিত স্কোরের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোর সামগ্রিক অবস্থান নির্ধারণ করা হয়েছে। মোট স্কোর ১০০।

এদিকে র‌্যাংকিংয়ে রাবির এ অর্জনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের অভিনন্দন জানিয়েছেন।

Link copied!