বৃহস্পতিবার ১৯, নভেম্বর ২০২৬

বৃহস্পতিবার ১৯, নভেম্বর ২০২৬ -- : -- --

হাইকোর্টের নির্দেশে পিছিয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ০১:৫১ পিএম

ফাইল ফটো

এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এ নির্দেশ কার্যকর থাকবে।

বুধবার (১৮ নভেম্বর) এ সংক্রান্ত একটি রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে রুল জারি করেছেন আদালত।

এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়ে। সাত দিনে ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী মোট ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি আবেদন করেন। গত কয়েক বছরের মধ্যে এবারই সর্বোচ্চ আবেদন জমা পড়েছে।

শিক্ষা বোর্ডের সূচি অনুযায়ী, আগামী ২৭ নভেম্বর পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশের কথা রয়েছে।

এদিকে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৫ ডিসেম্বর শুরু হয়ে ২৬ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ ছাড়া বুয়েটের ভর্তি পরীক্ষা ২০২৭ সালের ১৬ জানুয়ারি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১০ থেকে ২১ জানুয়ারি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৮, ৯ ও ১৬ জানুয়ারি আয়োজনের সূচি ঘোষণা করা হয়েছে।

হাইকোর্টের এ আদেশের ফলে বিশ্ববিদ্যালয়গুলোর পূর্বঘোষিত ভর্তি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আসতে পারে। পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের আগে এসব ভর্তি পরীক্ষা আয়োজন করা যাবে না।

উল্লেখ্য, গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। গত ২২ বছরের মধ্যে এবার পাসের হার ছিল সর্বনিম্ন।

Link copied!