বৃহস্পতিবার ১৯, নভেম্বর ২০২৬

বৃহস্পতিবার ১৯, নভেম্বর ২০২৬ -- : -- --

কিউএস সাসটেইনেবিলিটি র‍্যাঙ্কিংয়ে প্রথমবার নোবিপ্রবি

নোবিপ্রবি থেকে রাকিব মোহাম্মদ আরজু

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ১০:৫০ পিএম

প্রতীকী ছবি

বিশ্ববিদ্যালয়গুলোর পরিবেশগত স্থায়িত্ব, সামাজিক প্রভাব ও সুশাসন মূল্যায়নে প্রকাশিত কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস: সাসটেইনেবিলিটি ২০২৭-এ বিশ্বে ১ হাজার ৩০১ থেকে ১ হাজার ৪০০তম অবস্থানের মধ্যে রয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১৩তম অবস্থানে রয়েছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া দেশের বিশেষায়িত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে নোবিপ্রবি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা সংস্থা কিউএস (কোয়াকুয়ারেলি সাইমন্ডস) এ র‍্যাঙ্কিং প্রকাশ করে। এবারের তালিকায় বিশ্বের দুই হাজারের বেশি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে বাংলাদেশের ২৫টি বিশ্ববিদ্যালয় রয়েছে।

কিউএসের প্রকাশিত তালিকা অনুযায়ী, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থানে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। দ্বিতীয় ঢাকা বিশ্ববিদ্যালয়, তৃতীয় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, চতুর্থ ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, পঞ্চম রাজশাহী বিশ্ববিদ্যালয়, ষষ্ঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সপ্তম নর্থ সাউথ ইউনিভার্সিটি, অষ্টম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, নবম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), দশম ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, একাদশ খুলনা বিশ্ববিদ্যালয় এবং দ্বাদশ আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ। তালিকায় ১৩তম অবস্থানে রয়েছে নোবিপ্রবি। তবে একই র‍্যাঙ্কিং ব্যান্ডে বিশ্ববিদ্যালয়টির সঙ্গে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি।

র‍্যাঙ্কিংয়ের সূচকভিত্তিক ফলাফলে নোবিপ্রবির পরিবেশগত প্রভাব (এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট), সামাজিক প্রভাব (সোশ্যাল ইমপ্যাক্ট) এবং সুশাসন (গভর্ন্যান্স)—এই তিনটি প্রধান ক্ষেত্রেই অবস্থান ১ হাজার ২৫১তম বা পরবর্তী ব্যান্ডে। তবে উপসূচকগুলোর মধ্যে পরিবেশগত গবেষণায় (এনভায়রনমেন্টাল রিসার্চ) বিশ্বে ৫৮৫তম এবং জ্ঞান বিনিময়ে (নলেজ এক্সচেঞ্জ) ৪৯৩তম অবস্থান অর্জন করেছে বিশ্ববিদ্যালয়টি।

কিউএস সাসটেইনেবিলিটি র‍্যাঙ্কিংয়ে পরিবেশগত প্রভাব ও সামাজিক প্রভাবকে ৪৫ শতাংশ করে এবং সুশাসনকে ১০ শতাংশ গুরুত্ব দেওয়া হয়েছে। পরিবেশগত শিক্ষাব্যবস্থা, গবেষণা, পরিবেশগত স্থায়িত্ব, কর্মসংস্থান ও ফলাফল, সমতা, স্বাস্থ্য ও সুস্থতা, শিক্ষার প্রভাব, জ্ঞান বিনিময় এবং সুশাসন—এই নয়টি উপসূচকের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোর মূল্যায়ন করা হয়।

এ বিষয়ে র‍্যাঙ্কিং অ্যান্ড স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট সেলের অতিরিক্ত পরিচালক ও ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফাহাদ হুসাইন বলেন, ‘এটা অত্যন্ত আনন্দের যে, নোবিপ্রবি প্রথমবারের মতো কিউএস সাসটেইনেবিলিটি র‍্যাঙ্কিং ২০২৭-এ স্থান করে নিয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য অবস্থান অর্জন করেছে। এই অর্জনের পেছনে উপাচার্যসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সবার আন্তরিক সহযোগিতা, ভালোবাসা ও অবদান রয়েছে। তবে র‍্যাঙ্কিংয়ের প্রকৃত সুফল যখন আমাদের শিক্ষার্থীরা পাবে এবং এর মাধ্যমে তাদের শিক্ষার পরিবেশ ও ভবিষ্যৎ সম্ভাবনা আরও সমৃদ্ধ হবে, তখনই আমাদের এই পরিশ্রম সার্থক হবে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেলের পরিচালক ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গবেষণা করছেন এবং শিক্ষার্থীরাও বিভিন্ন গবেষণা ও প্রকল্প নিয়ে কাজ করছে। র‍্যাঙ্কিংয়ে অর্জিত অবস্থান মূলত এসব গবেষণা ও সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন। এর আগে উপাচার্য দায়িত্ব নেওয়ার পরপরই টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) র‍্যাঙ্কিংয়েও বিশ্ববিদ্যালয়ের অবস্থান এসেছিল। সাসটেইনেবিলিটির ১৭টি লক্ষ্যের মধ্যে বিশ্ববিদ্যালয় নিজস্ব সামর্থ্য অনুযায়ী সবগুলো অর্জনের চেষ্টা করছে। তবে কিছু ক্ষেত্রে ঘাটতি রয়েছে। ফলে এসব ক্ষেত্রে কিছু পয়েন্ট কম এসেছে।’

তিনি আরও বলেন, ‘মাল্টিডিসিপ্লিনারি গবেষণা, গবেষণা প্রকল্পে অর্থায়ন, গ্রিন ক্যাম্পাস এবং ভবিষ্যৎ মাস্টারপ্ল্যানে ছাদে সৌরবিদ্যুৎ ও সবুজায়নের মতো উদ্যোগ নেওয়া হচ্ছে। মূলত শিক্ষার্থী, শিক্ষক, প্রশাসন এবং উপাচার্যের সম্মিলিত প্রচেষ্টা ও পরিশ্রমের ফলেই এ অর্জন সম্ভব হয়েছে।’

উল্লেখ্য, কিউএস সাসটেইনেবিলিটি র‍্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়গুলোর পরিবেশগত ও সামাজিক দায়বদ্ধতা এবং প্রাতিষ্ঠানিক সুশাসনসংক্রান্ত কার্যক্রম মূল্যায়ন করা হয়।

Link copied!