জাককানইবি থেকে রবিউল ইসলাম শাকিল
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ০৭:০১ পিএম
বৃহস্পতিবার ১৯, নভেম্বর ২০২৬ -- : -- --
জাককানইবিতে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে মশক নিধন কর্মসূচি পালন করেছে প্রথম আলো বন্ধুসভার বিশ্ববিদ্যালয় শাখা। বুধবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বন্ধুসভার উপদেষ্টা রিয়াজুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান তারিফুল ইসলাম, প্রকৌশলী হাফিজুর রহমান, শিক্ষক ও বন্ধুসভার সদস্যরা।
কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে মশক নিধন স্প্রে করা হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচার চালানো হয়।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন বলেন, ‘আমি আজকের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। কারণ, ডেঙ্গু আমাদের দেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা। ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশন ও পৌরসভাসহ বিভিন্ন প্রতিষ্ঠান নানা উদ্যোগ নিয়ে থাকে। তবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে এ ধরনের কর্মসূচির আয়োজন তুলনামূলক কম দেখা যায়। সেই জায়গা থেকে আমাদের শিক্ষার্থীরা এ উদ্যোগ গ্রহণ করে বিশ্ববিদ্যালয়কে আলোকিত করেছে এবং সবাইকে এ বিষয়ে সচেতন করেছে।’
তিনি আরও বলেন, ‘একসময় বাংলাদেশে ডেঙ্গু মহামারি আকার ধারণ করেছিল। এর কারণে অনেক তাজা প্রাণ আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে। ভবিষ্যতে যেন এমন পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম। তাই আমাদের এখন থেকেই প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করতে হবে। আজকের কর্মসূচির আয়োজকদের ব্যক্তিগতভাবে এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এ ধরনের সৃজনশীল ও সামাজিক উদ্যোগের মাধ্যমে আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানকে সুস্থ, সুন্দর ও রোগমুক্ত রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগকে আমরা স্বাগত জানাব। ডেঙ্গুমুক্ত বিশ্ববিদ্যালয় গড়তে সবার সহযোগিতা প্রয়োজন। এ ধরনের সংগঠনকে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে।’
প্রথম আলো বন্ধুসভা, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নুসরাত জাহান ডানার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রাতুলের সঞ্চালনায় কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। এতে সার্বিক সহযোগিতা করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্যসচিব মামুন সরকার।