প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ১২:৪০ পিএম
ইউএনডিপি বাংলাদেশের ডিজিটাল রেসপেক্ট এণ্ড কোহেশন ফেলোশিপ-২০২৬ এ রংপুর বিভাগের প্রতিনিধিত্ব করছে হাবিপ্রবির টিম মীনা। এই টিমের সদস্য হিসেবে আছেন হাবিপ্রবি শিক্ষার্থী মিশকাত জাহান মারজিয়া, নবনীতা প্রামানিক এবং আয়শা জান্নাত। এই ফেলোশিপের মাধ্যমে তরুণদের আইডিয়াকে বাস্তব উদ্যোগে রুপ দেওয়ার জন্য যথাযথ সহযোগিতা প্রদান করা হয়।
জানা যায়, ফেলোশিপের জন্য আটটি বিভাগ থেকে জমা পড়ে সর্বমোট ৩৭১ টি আবেদন। যার মধ্যে থেকে ইন্টারভিউয়ের জন্য নির্বাচিত হয় ১৩০ টি অ্যাপ্লিকেশন এবং সর্বশেষ দেশের ৮ টি বিভাগ থেকে ৮ টি দলের আবেদন চূড়ান্তভাবে বাস্তবায়নের লক্ষ্যে নির্বাচিত হয়। রংপুর বিভাগ থেকে নির্বাচিত হয় হাবিপ্রবির আর্কিটেকচার বিভাগের শিক্ষার্থীদের দল 'টিম মীনা'।
হাবিপ্রবি শিক্ষার্থীদের এই দল নারীদের জন্য একটি নিরাপদ ডিজিটাল স্পেস গড়ার লক্ষ্যে কাজ করছে। জেন্ডার-বেসড অনলাইন ভায়োলেন্সের বিরুদ্ধে তাদের আইডিয়া বাস্তবায়নের লক্ষ্যে দলটি সিড গ্রান্ট হিসেবে পাবে ৫০,০০০ টাকা। আট মাস-ব্যাপী এই ফেলোশিপ ইম্পলিমেন্টের জন্য কাজ করছে সার্জ বাংলাদেশ। সহায়তা দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।
মিশকাত জাহান মারজিয়া এর আগেও ইউএনডিপি বাংলাদেশের সাথে কাজ করেছেন। মারজিয়া জানান, আমরা প্রাথমিকভাবে রংপুর বিভাগের দুইটি বিশ্ববিদ্যালয় নিয়ে কাজ করতে আগ্রহী। শুরুতেই আমাদের লক্ষ্য থাকবে হাবিপ্রবির শিক্ষার্থীদের কথা শোনা, ইয়ুথ ক্লাবগুলোর সাথে কোলাব করে জেন্ডার-বেসড ডিজিটাল সেফটি নিয়ে কাজ করা। আমাদের এই পরিকল্পনা বাস্তবায়নে আমরা সকলের সমর্থন চাই।
নবনীতা প্রামানিক কাজ করেছেন কনটেন্ট রাইটিং নিয়ে। তিনি জানান, আমরা একটা সারভাইভাল নেটওয়ার্ক তৈরি করতে চাচ্ছি, যেখানে আমরা কিছু গল্প তুলে ধরব। এই গল্পগুলোই আমাদের অনুপ্রাণিত করবে জেন্ডার-বেসড অনলাইন ভায়োলেন্সের বিরুদ্ধে রুখে দাঁড়াতে।
আয়শা জান্নাতের রিসার্চ এবং ফিল্ড ওয়ার্কের অভিজ্ঞতা রয়েছে। তার মতে, আমরা কমিউনিটি এনগেজমেন্টের মাধ্যমে নারীদের সমস্যাগুলো সম্পর্কে জানতে চাই। আরও জানতে চাই, ডিজিটাল স্পেসে নারীরা কীভাবে হয়রানির শিকার হচ্ছেন, কীভাবে প্রতিরোধ গড়ে তুলছেন।
সম্প্রতি ঢাকায় আয়োজিত হয় তিনদিন-ব্যাপী ইনোভেশন বুটক্যাম্প, যেখানে অংশগ্রহণ করে ফেলোশিপের জন্য আটটি বিভাগ থেকে নির্বাচিত আটটি দলের ২৪ তরুণ। বুটক্যাম্পে নির্বাচিত তরুণ ফেলোরা তাদের আইডিয়াকে শানিত করার জন্য পায় প্রয়োজনীয় গাইডলাইন এবং মেন্টরশীপ।
'টিম মীনা' আশাবাদী, এই ফেলোশিপের মধ্য দিয়ে তারা ডিজিটাল হার্মের বিরুদ্ধে সচেতনতামূলক কার্যক্রম করবেন। ভাবনার শুরুতেই রয়েছে, হাবিপ্রবি ক্যাম্পাস এবং এই পরিসর বৃদ্ধির লক্ষ্যেও তারা কাজ করবেন। ডিজিটাল স্পেসে নারীর অংশগ্রহণ যেন আরও নিরাপদ হয়ে ওঠে, সেই লক্ষ্যেই অবিচল 'টিম মীনা'।
