বৃহস্পতিবার ১৯, নভেম্বর ২০২৬

বৃহস্পতিবার ১৯, নভেম্বর ২০২৬ -- : -- --

রাজনীতি নিষিদ্ধ রুয়েট ক্যাম্পাসে ছাত্ররাজনীতি কোন পথে?

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ১১:৫৫ এএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ছাত্ররাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্তের দুই বছর পেরিয়ে গেলেও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের কর্মকাণ্ড ও তৎপরতায় থামেনি বিতর্ক। সম্প্রতি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতার রুয়েট ক্যাম্পাসে অবস্থান এবং ক্যাম্পাস বিভিন্ন দোকানে খাবারের মান ও মূল্য যাচাইয়ে ছাত্রদল সমর্থক শিক্ষার্থীদের উদ্যোগের ঘটনা নতুন করে আলোচনা সৃষ্টি করে। এসব কর্মকাণ্ড ঘিরে শিক্ষার্থীদের মাঝে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া এবং নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রশাসনের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন।

২০২৪ সালের ১০ আগস্ট রুয়েট প্রশাসন ক্যাম্পাসে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে। এতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন ধরনের সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। সে সময় রাজনীতিমুক্ত শিক্ষার পরিবেশ, শিক্ষার্থীদের নিরাপত্তা এবং একাডেমিক কার্যক্রম নির্বিঘ্ন রাখার প্রত্যাশায় শিক্ষার্থীদের বড় একটি অংশ প্রশাসনের এ সিদ্ধান্তকে স্বাগত জানান।

তবে নিষেধাজ্ঞার পরবর্তী সময়ে ক্যাম্পাসে বিভিন্ন ছাত্রসংগঠনের তৎপরতা নিয়ে একাধিকবার আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। ছাত্ররাজনীতি শিক্ষার্থীদের সাংবিধানিক অধিকার এমন যুক্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের বিভিন্ন সময়ে প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে দেখা গেছে। অন্যদিকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে গোপনে কার্যক্রম পরিচালনার অভিযোগও রয়েছে। এর মধ্যে শিক্ষার্থীদের নবীনবরণ, ক্যাম্পাসের অভ্যন্তরে ব্যানার টানানো, দেয়াললিখন এবং মিছিলের মতো কর্মকাণ্ড রয়েছে।

গত ১৪ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি মোজাহিদ হাসানের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি (কয়েকজন রুয়েট শিক্ষার্থী সহ) সংযুক্ত পোস্টে লেখেন ‘ছাত্রশিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক আজিজুর রহমান আজাদ ভাইসহ সন্ধ্যায় রুয়েট ক্যাম্পাসে।’ পোস্টটি ঘিরে শিক্ষার্থীদের একাংশের মধ্যে সমালোচনার সৃষ্টি হয়। বিশেষ করে ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতার ক্যাম্পাসে অবস্থান এবং রুয়েট শিক্ষার্থীদের সংগঠনের সাথে যুক্ত থাকার বিষয়ে প্রশ্ন তোলা হয়।

‘রুয়েট জাতীয়তাবাদী স্পন্দন’ নামে ছাত্রদল সমর্থিত একটি ফেসবুক পেজের পোস্টে বলা হয়: ছাত্রশিবিরের রাজনীতি করা দোষের বিষয় নয়। তবে সংগঠনের সঙ্গে যুক্ত থেকেও নিজেকে সাধারণ শিক্ষার্থী হিসেবে পরিচয় দেওয়ার প্রবণতা নিয়ে প্রশ্ন রয়েছে। দাবি করা হয়, প্রায় দুই বছর আগে কেন্দ্রীয় ছাত্রদলের নেতারা রুয়েটে আসলে ছবির ছাত্রশিবির সংশ্লিষ্টরা ২০২৪ সালের ১৫ নভেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মিছিল করেছিলেন। সে সময় ছাত্রদলের বিরুদ্ধে অন্য সংগঠনের ওপর নির্ভরশীলতার অভিযোগ তুললেও সম্প্রতি ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতার ক্যাম্পাসে আগমন সেই অবস্থানের সঙ্গে দ্বৈততা প্রকাশ করে বলে পোস্টে উল্লেখ করা হয়।

এছাড়াও রুয়েট একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় সত্ত্বেও অতীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে রুয়েট শিক্ষার্থীদের শিবির সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার দাবি করা হয়। একই সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের পরিচয়ের আড়ালে থাকা রাজনৈতিক কর্মীদের চিহ্নিত করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলা হয়, এসব কারণে শিক্ষার্থীদের স্বাধীন বা যৌক্তিক সিদ্ধান্ত বাধাগ্রস্ত হতে পারে। পোস্টের শেষাংশে রাবি ছাত্রশিবিরের প্রতি উদ্দেশ্য করে রুয়েটের শিবির সংশ্লিষ্ট দের পরিচয় ও প্রকাশ্যে নিজেদের অবস্থান জানানোর আহ্বান জানানো হয়।

এ বিষয়ে ছবিতে উপস্থিত রুয়েট যন্ত্রকৌশল বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানজিমুল ইসলাম বলেন, "আজাদ ভাই, মোজাহিদ ভাই সহ যারা ক্যাম্পাসে এসেছিলেন সবাই রাবির সাবেক বা বর্তমান শিক্ষার্থী। আওয়ামী আমলেও ওনারা নিয়মিত রুয়েট ক্যাম্পাসে আসতেন, খেলাধুলা করতেন। তখন থেকেই ভাইদের সাথে আমার ব্যক্তিগত সখ্যতা ছিল। ১৪ নভেম্বর তারা রুয়েটে এসেছিলেন কিছুক্ষণ আড্ডা দেওয়া এবং ব্যাডমিন্টন খেলার জন্য। কোনো রাজনৈতিক কর্মসূচী, মিছিল, শোডাউন এমন কিছুই হয়নি।"

তিনি আরও জানান, বাংলাদেশের নাগরিক হিসেবে যে কেউ, যেকোনো পাব্লিক বিশ্ববিদ্যালয়ে এসে অবস্থানের অধিকার রাখে। এক্ষেত্রে রাজনৈতিক কর্মসূচী বা ছাত্ররাজনীতি নিষিদ্ধ প্রজ্ঞাপনকে লঙ্ঘন করার মতো কোনো কাজ হয়নি। সুতরাং, যারা এই বিষয় নিয়ে অযথা আস্ফালন করছে, এটা বাড়াবাড়ি ছাড়া কিছু নয়। রাবির সাবেক শিক্ষার্থী, ছাত্রশিবিরের দায়িত্বশীল, উনি যেকোনো ক্যাম্পাসে গেলে তার পরিচিত জুনিয়র থাকতেই পারে। তাদের নিয়ে আড্ডা দেয়া, ছবি তোলা স্বাভাবিক একটি বিষয়।

অন্যদিকে ক্যাম্পাসের বিভিন্ন খাবারের দোকান ও টঙে খাবারের মান, পুষ্টিগুণ, মূল্য এবং পরিবেশ নিয়ে ছাত্রদলের আদর্শের সমর্থক হিসেবে পরিচিত শিক্ষার্থীদের তৎপরতা দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন পেজে ক্যাম্পাসের দোকান ও টঙের মালিক এবং কর্মচারীদের সঙ্গে কথোপকথন চলমান এমন বেশ কিছু ছবি সহ পোস্ট পরিলক্ষিত হয়। এসব পোস্টে বলা হয়, ‘রুয়েটের টঙ ও খাবারের দোকানগুলোতে খাবারের মান, পুষ্টিগুন ও  উপযুক্ত পরিবেশ বজায়ের জন্য বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে টঙ ও দোকানগুলোতে কথা বলে ছাত্রদলের কর্মী সমর্থকরা। আশা করি শিক্ষার্থী ও দোকান ও টঙের স্টাফরা এ বিষয়ে সচেতন থাকবে।’

এ উদ্যোগের প্রসঙ্গে ছাত্রদলের আদর্শের সমর্থক হিসেবে পরিচিত ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবরার ফাইয়াজ অমি জানান, "শিক্ষার্থীদের জন্য সাশ্রয়ী মূল্যে মানসম্মত ও স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করা আমাদের যৌক্তিক প্রত্যাশা। দীর্ঘদিনের বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। আমাদের এ উদ্যোগের মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা এবং ক্যাম্পাসে একটি শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করা।"

এর আগে ছাত্র হল-২ সংলগ্ন খাবারের দোকানগুলোতে খাবারের মূল্য ও মান নিয়ে শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ছাত্রদলের সমর্থক শিক্ষার্থীরা দোকান মালিকদের সঙ্গে কথা বলে। সেময় এক প্লেট ভাতের দাম ১২ টাকা এবং দেড় প্লেট ভাতের দাম ২০ টাকা নির্ধারণের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি ব্রয়লার মুরগির দাম ৫০ টাকা থেকে কমিয়ে ৪০-৪৫ টাকায় নির্ধারণের কথা বলেন তারা। পাশাপাশি শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ও সম্মানজনক আচরণের আহ্বান জানানো হয় দোকানের কর্মচারীদের। বিশেষ করে ‘বাংলা টিফিন’ এর কর্মচারীদের আচরণ নিয়ে শিক্ষার্থীদের অভিযোগ ছিল, সে বিষয়েও কথা বলেন তারা।

এসব উদ্যোগকে শিক্ষার্থীদের দৈনন্দিন সমস্যা সমাধানে ইতিবাচক ভূমিকা হিসেবে দেখছেন অনেকে। তবে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকা অবস্থায় কোনো ছাত্রসংগঠনের পরিচয়ে কার্যক্রম পরিচালনার যৌক্তিকতা ও সীমারেখা নিয়েও প্রশ্ন তুলেছেন। তবে গুপ্ত বা প্রকাশ্য সকল প্রকার ছাত্ররাজনীতির নেতিবাচক প্রভাবের উদ্বেগ জানিয়ে মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জুহায়ের আনজুম বিত্ত বলেন, "ক্যাম্পাসে রাজনীতির কোনো প্রয়োজন নেই। ছাত্ররাজনীতির যেসব সুফল প্রচার করা হয় ক্লাবিং এর মাধ্যমে তার অনেকটাই পূরণ করা সম্ভব। আশঙ্কা প্রকাশ করি ছাত্ররাজনীতি ওপেন হলে পুনরায় হল, ক্যান্টিন দখলের সংস্কৃতি চালু হবে; সুষ্ঠু লেখাপড়ার পরিবেশ নষ্ট হবে। তাই কোনো ধরনের রাজনীতি চর্চাই ক্যাম্পাসে হওয়া উচিত না।"

সব মিলিয়ে রুয়েট ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিয়ে একদিকে নিষেধাজ্ঞা, অন্যদিকে বিভিন্ন সংগঠনের তৎপরতা এ দুইয়ের মধ্যে তৈরি হয়েছে মতপার্থক্য। ছাত্ররাজনীতিকে সাংবিধানিক অধিকার হিসেবে দেখা এবং রাজনীতিমুক্ত ক্যাম্পাসের প্রত্যাশার মধ্যে পার্থক্য ক্রমেই স্পষ্ট হচ্ছে। সাম্প্রতিক ঘটনাগুলো সেই বিতর্কের স্ফুরণ করছে। প্রশ্ন থেকেই যায় রুয়েট প্রশাসন কি রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর অবস্থানে থাকবে, নাকি ক্যাম্পাসে ছাত্ররাজনীতির নতুন কোনো বাস্তবতা তৈরি হবে? শিক্ষার্থীদের দাবি, বিভিন্ন ছাত্র পক্ষের তৎপরতা এবং প্রশাসনের অবস্থানের মধ্য দিয়ে রুয়েটের ছাত্ররাজনীতি শেষ পর্যন্ত কোন পথে এগোয়, এখন সেটিই দেখার বিষয়।

Link copied!