প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ০২:৪২ পিএম
সিফাত শেখ
কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নে পাঁচ শিক্ষার্থীর হাত ধরে গড়ে উঠেছে ‘শেষ বিকালর আড্ডা’। পরিবারের আর্থিক সহায়তা ছাড়াই নিজেদের উপার্জিত ও জমানো অর্থে এ উদ্যোগ নিয়েছেন পাঁচ তরুণ। তাঁদের প্রত্যেকেই কোনো না কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী। পাশাপাশি তাঁরা বর্তমানে কর্মসংস্থানের অপেক্ষায় থাকা তরুণ।
উদ্যোক্তারা হলেন ১. মোঃ মিষ্টার হুসাইন, ২. মোঃ মমিনুল ইসলাম ৩. মোঃ রাব্বি হাসান ৪. মোঃ আতিক হাসান ৫. মোঃ নাহিদ ইসলাম। তাঁদের এ উদ্যোগ স্থানীয়ভাবে বেশ সাড়া ফেলেছে।
ক্যাফেটি চর রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের নয়া চর বাজারে নদীর তীরে গড়ে তোলা হয়েছে।
উদ্যোক্তাদের একজন মোঃ মিষ্টার হুসাইন বলেন, ‘রাজিবপুর একটি দরিদ্র ও পিছিয়ে থাকা এলাকা। এখানে মানসম্মত রেস্টুরেন্টের সুযোগ-সুবিধা খুব বেশি নেই। সেই চিন্তা থেকেই আমরা শেষ বিকালের আড্ডা ক্যাফে গড়ে তোলার উদ্যোগ নিয়েছি। নিজেদের অর্থায়নে কাজটি করেছি। ইতোমধ্যে মানুষের কাছ থেকে ভালো সাড়া ও আশ্বাস পাচ্ছি। আমরা আশা করছি, এটি একটি ভালো প্রতিষ্ঠানে পরিণত হবে।’
স্থানীয় বাসিন্দারা বলছেন, তরুণদের এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। চাকরির পেছনে না ছুটে নিজেদের উদ্যোগে ব্যবসা গড়ে তোলার এ প্রচেষ্টা অন্য শিক্ষিত বেকার তরুণদেরও অনুপ্রাণিত করবে।
সংশ্লিষ্টদের মতে, গ্রামীণ জনপদে শিক্ষিত তরুণদের উদ্যোক্তা হয়ে ওঠার এমন প্রচেষ্টা শুধু ব্যক্তিগত কর্মসংস্থানই তৈরি করে না, বরং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখে।
চাকরির অপেক্ষায় না থেকে নিজেরাই কর্মসংস্থান সৃষ্টির স্বপ্ন দেখছেন শেষ বিকেলের আড্ডা উদ্যোক্তারা। তাঁদের প্রত্যাশা, এই উদ্যোগ একদিন রাজিবপুরের তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার নতুন দৃষ্টান্ত হয়ে উঠবে।
