বৃহস্পতিবার ১৯, নভেম্বর ২০২৬

বৃহস্পতিবার ১৯, নভেম্বর ২০২৬ -- : -- --

এমসি কলেজে ‘ক্ষণচিত্র’ প্রদর্শনী শেষ, সম্মাননা পেলেন ৩ আলোকচিত্রী

ছাইম ইবনে আব্বাস,এমসি কলেজ, সিলেট।

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ১১:০০ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

একটি ছবিই কখনো বলে দেয় হাজারো না-বলা কথা। স্থির ফ্রেমে আটকে থাকা মুহূর্ত হয়ে ওঠে জীবনের গল্প, খুলে দেয় স্মৃতির জানালা। এমন গল্প ও মুহূর্তের সমাহারে সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে আয়োজিত দুই দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী ‘ক্ষণচিত্র’ শেষ হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় এ আয়োজন। এতে অংশ নেওয়া ২৪ শিক্ষার্থীকে সনদ দেওয়া হয়। পাশাপাশি সেরা তিন আলোকচিত্রীকে সম্মাননা প্রদান করা হয়।

এমসি কলেজ ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটির উদ্যোগে কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। বুধবার সকাল ১০টায় শুরু হওয়া সমাপনী দিনের আনুষ্ঠানিকতা শেষ হয় দুপুর ২টায়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ তোফায়েল আহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) প্রযোজক ও বাংলাদেশের প্রথম হাইপারলোকাল সংবাদমাধ্যম সিলেট ভয়েসের প্রকাশক সেলীনা চৌধুরী।

সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক অঘ্রাতা সৌরভের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এমসি কলেজ ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটির উপদেষ্টা ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ বিলাল উদ্দিন, অধ্যাপক নিলুফার খানম, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শাহনাজ বেগমসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা।

প্রদর্শনীতে স্থান পাওয়া ২৪টি ছবির মধ্য থেকে বিচার-বিশ্লেষণের মাধ্যমে সেরা তিনটি নির্বাচন করা হয়। এতে প্রথম স্থান অর্জন করেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মৌন আচার্য্য। দ্বিতীয় হন একই বিভাগের উৎস কান্তি দাস এবং তৃতীয় স্থান অর্জন করেন পদার্থবিজ্ঞান বিভাগের মনোজিৎ দাস অভিজিৎ।

বিশেষ অতিথির বক্তব্যে সেলীনা চৌধুরী বলেন, এমসি কলেজ ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটির এ আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের আরও মেধাবী ও সৃজনশীল হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে। এ সময় তিনি আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ তোফায়েল আহাম্মদ বলেন, প্রদর্শনীতে স্থান পাওয়া প্রতিটি ছবিই গল্পনির্ভর। প্রতিটি ছবি আলাদা গল্প তুলে ধরেছে। গল্পের দিক থেকে কোনো ছবিই অন্যটির চেয়ে কম নয়। তবে আয়োজনটি প্রতিযোগিতামূলক হওয়ায় সব ছবির মধ্য থেকে তিনটি নির্বাচন করে সেরা আলোকচিত্রীদের স্বীকৃতি দেওয়া হয়েছে। এ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।

এর আগে মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে প্রদর্শনীর উদ্বোধন করেন অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ তোফায়েল আহাম্মদ। এমসি কলেজ ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি (এমসিএফপিএস) প্রথমবারের মতো এ প্রদর্শনীর আয়োজন করে। ‘ক্ষণচিত্র’ আয়োজনের মধ্য দিয়েই আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় সংগঠনটির।

আয়োজকদের ভাষ্য, ‘স্টোরি বেইজড ফটোগ্রাফি’ বা গল্পনির্ভর আলোকচিত্রকে প্রাধান্য দিয়ে সাজানো হয়েছিল পুরো প্রদর্শনী। প্রতিটি ছবির ফ্রেমে আলোকচিত্রীরা তুলে ধরার চেষ্টা করেছেন কোনো গল্প, অনুভূতি কিংবা জীবনের বিশেষ মুহূর্ত।

দুই দিনের এ আয়োজন ঘিরে কলেজের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিদের পাশাপাশি উপস্থিত ছিলেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

দুই দিনের প্রদর্শনী শেষ হয়েছে, গুটিয়ে নেওয়া হয়েছে ছবির ফ্রেমে সাজানো আয়োজন। তবে প্রতিটি ছবির ভেতরে লুকিয়ে থাকা গল্পগুলো দর্শকের মনে থেকে যাবে আরও অনেক দিন। ‘ক্ষণচিত্র’ তাই কেবল একটি আলোকচিত্র প্রদর্শনী নয়; বরং তরুণ আলোকচিত্রীদের চোখে দেখা সময়, জীবন ও অনুভূতির নান্দনিক প্রকাশ।

Link copied!