জাককানইবি থেকে রবিউল ইসলাম শাকিল
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৪ পিএম
বুধবার ১১, মার্চ ২০২৬ -- : -- --
ফাইল ফটো
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের জন্য সভাপতি নির্বাচন ও সেক্রেটারি মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সদস্য ও সাথীদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ রিমন এবং শাখা সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন মো. রাসেল মিয়া।
এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় শাখার সদস্য ও সাথীদের অংশগ্রহণে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন সম্পাদক শরীফ মাহমুদের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক ইউসুফ ইসলাহী। অনুষ্ঠানে মোমেনশাহী মহানগর ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
সমাবেশে ২০২৬ সেশনের শাখা সভাপতি নির্বাচন উপলক্ষে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সর্বাধিক ভোটপ্রাপ্ত আব্দুল্লাহ রিমনকে সভাপতি হিসেবে ঘোষণা করেন কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম। পরে নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করানো হয়।
পরবর্তীতে সদস্য ও সাথীদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি আব্দুল্লাহ রিমন শাখা সেক্রেটারি হিসেবে মো. রাসেল মিয়াকে মনোনীত করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দোয়া ও মুনাজাতের মাধ্যমে সমাবেশের কার্যক্রম সমাপ্ত হয়।