প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৬, ১০:৩৩ পিএম
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন কোষাধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে নিয়োগ পেয়েছেন কৃষি অর্থসংস্থান ও ব্যাংকিং বিভাগের অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামান খান। সোমবার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীনের স্বাক্ষরিত এক আদেশনামায় এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. হুমায়ুন কবিরকে কোষাধ্যক্ষের অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর স্থলে অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামান খানকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোষাধ্যক্ষের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
অধ্যাপক আক্তারুজ্জামান খান বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ একটি শাখা হিসাব শাখার দায়িত্ব পাওয়ায় তিনি উপাচার্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁর মতে, একটি বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রমের অন্যতম চালিকাশক্তি হলো এর আর্থিক ব্যবস্থাপনা।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং ছাত্র-শিক্ষক কল্যাণে বরাদ্দকৃত বাজেট দক্ষতার সঙ্গে ব্যবহার নিশ্চিত করাই তাঁর অন্যতম প্রধান লক্ষ্য। একই সঙ্গে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের বাজেট ভবিষ্যতে কীভাবে আরও বৃদ্ধি করা যায়, সে বিষয়ে উদ্যোগ অব্যাহত রাখার কথাও জানান তিনি।
অধ্যাপক আক্তারুজ্জামান খান আরও বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর অনুপাত অনুযায়ী বরাদ্দকৃত বাজেট (পার স্টুডেন্ট বাজেট) দেশের অন্য যেকোনো বিশ্ববিদ্যালয়ের চেয়ে বেশি। তাই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি টাকার সর্বোচ্চ ও কার্যকর ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা বজায় রাখার ওপর তিনি গুরুত্ব দেবেন।
তিনি বলেন, যতদিন তিনি এ দায়িত্বে থাকবেন, এসব লক্ষ্য বাস্তবায়নই তাঁর প্রধান অঙ্গীকার। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের আর্থিক স্বচ্ছতা ও সামগ্রিক কল্যাণ আরও ত্বরান্বিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামান খান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের কৃষি অর্থসংস্থান ও ব্যাংকিং বিভাগের অধ্যাপক। এর আগে তিনি একই বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
শিক্ষকতার পাশাপাশি দীর্ঘদিন ধরে গবেষণার সঙ্গেও যুক্ত রয়েছেন অধ্যাপক আক্তারুজ্জামান খান। ২০২৫ সালে তিনি বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পান।
