বুধবার ১৯, আগস্ট ২০২৬

বুধবার ১৯, আগস্ট ২০২৬ -- : -- --

রাবি তরুণ কলাম লেখক ফোরামের নতুন সভাপতি সবুজ, সম্পাদক সাইমা

রাবি থেকে মো.রেজওয়ান

প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, ০৭:৩৯ পিএম

সবুজ আহমেদ। সাইমা বিভা

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সবুজ আহমেদকে সভাপতি এবং মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইমা বিভাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদ নতুন কমিটির অনুমোদন দেয়।

নবনির্বাচিত সভাপতি সবুজ আহমেদ এর আগে রাবি শাখার সাংগঠনিক সম্পাদক ও দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাধারণ সম্পাদক সাইমা বিভা এর আগে শাখাটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

২০১৮ সালের ২৩ জুলাই প্রতিষ্ঠিত বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম একটি অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন। তরুণদের লেখালেখিতে উৎসাহিত করা, তাঁদের সুপ্ত প্রতিভার বিকাশ এবং বুদ্ধিবৃত্তিক চর্চার সুযোগ তৈরি করা সংগঠনটির অন্যতম লক্ষ্য। বর্তমানে সারা দেশে সংগঠনটির ২৩টির বেশি শাখা কার্যক্রম পরিচালনা করছে।

রাবি শাখা বিশ্ববিদ্যালয়ের তরুণ লেখকদের নিয়ে নিয়মিত লেখালেখি, পাঠচর্চা, কর্মশালা ও বিভিন্ন সৃজনশীল কার্যক্রম আয়োজন করে আসছে।

নবনির্বাচিত সভাপতি সবুজ আহমেদ বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখাকে তরুণ লেখকদের চিন্তা, মনন ও সৃজনশীলতার বিকাশে একটি বুদ্ধিবৃত্তিক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। পূর্ববর্তী কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে লেখালেখি ও পাঠচর্চার পরিসর আরও বিস্তৃত করতে সভা-সমাবেশ, কর্মশালা, সেমিনার ও সিম্পোজিয়ামসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে।’

সাধারণ সম্পাদক সাইমা বিভা বলেন, ‘নবীন লেখকদের নিয়মিত লেখালেখি ও পাঠচর্চায় সম্পৃক্ত করার পাশাপাশি কর্মশালা, পাঠচক্র ও বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে শাখাটিকে নবীন লেখকদের আত্মপ্রকাশের একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে কাজ করব। সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি নবীন লেখকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া ও তাঁদের সম্ভাবনাকে কাজে লাগানোর চেষ্টা থাকবে।’

Link copied!