মঙ্গলবার ২৫, আগস্ট ২০২৬

মঙ্গলবার ২৫, আগস্ট ২০২৬ -- : -- --

এসএসসি পরীক্ষা পেছাল,নতুন সূচিতে শুরু ১৪ মার্চ

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৬, ০৭:৫৪ পিএম

ফাইল ফটো

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার পরিবর্তিত পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। নতুন সূচি অনুযায়ী আগামী বছরের ১৪ মার্চ থেকে পরীক্ষা শুরু হয়ে ১৫ এপ্রিল শেষ হবে।

সোমবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এ সূচি অনুযায়ী প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে। লিখিত পরীক্ষা শেষে আগামী ২২ এপ্রিলের মধ্যে সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করতে হবে।

সূচি অনুযায়ী, ১৪ মার্চ বাংলা (আবশ্যিক) প্রথমপত্র, ১৬ মার্চ বাংলা দ্বিতীয়পত্র, ১৮ মার্চ ইংরেজি প্রথমপত্র, ২১ মার্চ ইংরেজি দ্বিতীয়পত্র এবং ২৫ মার্চ গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ৪ এপ্রিল রসায়ন, পৌরনীতি ও নাগরিকতা এবং ব্যবসায় উদ্যোগ, ৮ এপ্রিল হিসাববিজ্ঞান এবং ১৩ এপ্রিল জীববিজ্ঞান ও অর্থনীতি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৫ এপ্রিল ধর্ম ও নৈতিক শিক্ষা পরীক্ষার মাধ্যমে তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে।

শিক্ষা বোর্ড জানিয়েছে, পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে। এমসিকিউ ও সৃজনশীল অংশের মধ্যে কোনো বিরতি থাকবে না এবং প্রতিটি বিষয়ে তত্ত্বীয়, বহুনির্বাচনি ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে।

পরীক্ষা শুরুর অন্তত সাত দিন আগে শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। কেন্দ্রসচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী মোবাইল ফোন বহন বা ব্যবহার করতে পারবে না। পরীক্ষার্থীরা বোর্ড অনুমোদিত সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।

উল্লেখ্য, এর আগে ঘোষিত সম্ভাব্য সূচি অনুযায়ী ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা ৭ জানুয়ারি শুরু হওয়ার কথা থাকলেও নতুন সিদ্ধান্তে তা পিছিয়ে ১৪ মার্চ নির্ধারণ করা হয়েছে।

Link copied!