মঙ্গলবার ২৫, আগস্ট ২০২৬

মঙ্গলবার ২৫, আগস্ট ২০২৬ -- : -- --

জাককানইবিতে ১২৭তম  নজরুল জয়ন্তী উদযাপন: পদক পেলেন যারা

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৬, ০৬:০২ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় দুই দিনব্যাপী ১২৭তম নজরুল জয়ন্তী উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে নজরুলচর্চায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ গবেষক আবদুল হাই শিকদার ও সংগীতশিল্পী শবনম মুশতারীকে ‘নজরুল পদক-২০২৬’ প্রদান করা হয়।

সোমবার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের পুরনো প্রশাসনিক ভবনের তৃতীয় তলার কনফারেন্স কক্ষে দ্বিতীয় দিনের অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন। দিনব্যাপী আয়োজনে আন্তর্জাতিক নজরুল-বক্তৃতামালা, নজরুল পদক প্রদান, প্রকাশনার মোড়ক উন্মোচন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এবং ভিত্তিপ্রস্তর স্থাপনের এক বছরের মাথায় বিশ্ববিদ্যালয় উদ্বোধনকারী সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার প্রতিও শ্রদ্ধা জানান তিনি।

তিনি বলেন, জাতীয় কবির নামে প্রতিষ্ঠিত হওয়ায় এ বিশ্ববিদ্যালয় বিভিন্ন ক্ষেত্রে বিশেষ সহযোগিতা পাচ্ছে। প্রতিষ্ঠার দুই দশকে একাডেমিক ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি দেশের প্রায় ১৭০টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছে।

উপাচার্য আরও বলেন, জীবদ্দশায় কবি নজরুল যথাযথ সম্মান পাননি। তাঁর সৃষ্টিকর্মের ব্যাপক প্রচার ও বিভিন্ন ভাষায় অনুবাদের মাধ্যমে বিশ্বপরিসরে নজরুলকে আরও বিস্তৃতভাবে তুলে ধরতে হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশে নজরুল গবেষণার প্রাণকেন্দ্র হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ভ্যানগার্ডের ভূমিকা পালন করবে।

নজরুলচর্চায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ গবেষণায় নজরুল-গবেষক আবদুল হাই শিকদারের হাতে ‘নজরুল পদক-২০২৬’ তুলে দেন উপাচার্য। সংগীতে মনোনীত নজরুলশিল্পী শবনম মুশতারী অসুস্থতার কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁর পদক পরবর্তীতে তাঁর নিকট পৌঁছে দেওয়া হবে।

অনুষ্ঠানের এক পর্যায়ে নজরুল জয়ন্তী উপলক্ষে প্রকাশিত স্মারকগ্রন্থ ‘গাহি সাম্যের গান’-এর মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক নজরুল চর্চা কেন্দ্রের মহাসচিব প্রকৌশলী রাশেদুল হাসান শেলী। সভাপতিত্ব করেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। স্বাগত বক্তব্য দেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স)। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম।

আন্তর্জাতিক নজরুল-বক্তৃতামালায় চারটি অধিবেশনে মোট আটটি গবেষণাপত্র উপস্থাপন করা হয়। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও ভারতের আগরতলা ও কলকাতার বিশিষ্ট নজরুল গবেষকরা সরাসরি ও অনলাইনে অংশগ্রহণ করেন। আলোচনায় নজরুলের সাহিত্য, সংগীত, আত্মদর্শন, বিদ্রোহ, অনুবাদ, প্রমিত সুর ও সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।

সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত টিএসসি ভবনের দ্বিতীয় তলায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আবৃত্তি, নৃত্য ও নজরুলসংগীত পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই দিনব্যাপী ১২৭তম নজরুল জয়ন্তীর সমাপ্তি ঘটে।

উল্লেখ্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনে পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি থাকায় গত ২৫ মে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংক্ষিপ্ত পরিসরে নজরুল জয়ন্তী পালন করে। ওইদিন বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে নজরুল ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা. মাহাবুবুর রহমান লিটন এবং নজরুল গবেষক, কবি ও দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদারসহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

Link copied!