বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬

বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ -- : -- --

'উই রিভোল্ট' ঘোষণাই ছিল বাংলাদেশের স্বাধীনতার অন্যতম উপাদান: তথ্যমন্ত্রী

রাশেদুজ্জামান রাশেদ,জবি প্রতিনিধি

প্রকাশিত: ২২ জুলাই ২০২৬, ০৩:২৯ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের "আমি মেজর জিয়া বলছি, উই রিভোল্ট" ঘোষণা একটি ব্যর্থ রাজনৈতিক সংগ্রামকে মুক্তিযুদ্ধে রূপান্তরের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তার ভাষায়, এ ঘোষণাই ছিল বাংলাদেশের স্বাধীনতার অন্যতম উপাদান।

বুধবার (২২ জুলাই) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত 'শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বাংলাদেশি জাতীয়তাবাদ' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ভাষাভিত্তিক জাতীয় পরিচয়ের ধারণা পরবর্তীকালে নানা বাস্তবতায় প্রশ্নের মুখে পড়ে। এ পরিস্থিতিতে জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণা প্রবর্তনের মাধ্যমে নাগরিকত্বভিত্তিক জাতীয় পরিচয়ের ভিত্তি প্রতিষ্ঠা করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদের মূল দর্শন হলো ধর্ম, বর্ণ ও জাতিগত পরিচয় নির্বিশেষে এ দেশের সব নাগরিককে এক অভিন্ন পরিচয়ের আওতায় নিয়ে আসা এবং দেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রইছ উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, ইউট্যাবের কেন্দ্রীয় সহ-সভাপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. সাবিনা শারমিন এবং শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ইউট্যাব জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ড. নাছির আহমাদ। স্বাগত বক্তব্য দেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. ইমরানুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউট্যাব জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ড. মো. নাছির উদ্দিন।

Link copied!