মৌলভীবাজার থেকে রাজন হোসেন তৌফিক
প্রকাশিত: ২২ জুলাই ২০২৬, ০৩:২০ পিএম
বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ -- : -- --
ছবি। ক্যাম্পাস রিপোর্ট
মৌলভীবাজারের রাজনগর উপজেলার ইসলামপুর গ্রামের একই পরিবারের ১১ জন দৃষ্টিপ্রতিবন্ধী সদস্যের চিকিৎসা ও পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে জেলা প্রশাসন।
সোশ্যাল মিডিয়ায় বিষয়টি প্রকাশের পর জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল সরেজমিনে পরিবারটির বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর নেন। পরে পরিবারের সদস্যদের মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।
জানা গেছে, রাজনগর উপজেলার ৭ নম্বর কামারচাক ইউনিয়নের ইসলামপুর গ্রামের এ পরিবারটির ১১ সদস্য জন্মগত ও বংশগত কারণে দৃষ্টিপ্রতিবন্ধিতায় ভুগছেন। দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের কারণে তারা উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত ছিলেন।
পরিবারটির সদস্যদের সঙ্গে কথা বলে জেলা প্রশাসক জানান, প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসা, উন্নত পরীক্ষা-নিরীক্ষা, অস্ত্রোপচার এবং পুনর্বাসনের সব ধরনের ব্যবস্থা জেলা প্রশাসনের পক্ষ থেকে করা হবে।
তিনি বলেন, “সরকারের লক্ষ্য পিছিয়ে পড়া ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণ নিশ্চিত করা। এই পরিবারটি যেন চিকিৎসার অভাবে অন্ধকারে না থাকে, সে লক্ষ্যে জেলা প্রশাসন প্রয়োজনীয় সব ধরনের সহায়তা করবে।”
জেলা প্রশাসন জানিয়েছে, পরিবারের সদস্যদের প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ ও চিকিৎসার জন্য ইতোমধ্যে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সঙ্গে সমন্বয় শুরু হয়েছে। প্রয়োজন হলে তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কিংবা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে রেফার করা হবে। চিকিৎসার ব্যয়ও জেলা প্রশাসন বহন করবে।
জেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা আশা করছেন, যথাযথ চিকিৎসা ও পুনর্বাসনের মাধ্যমে পরিবারটির সদস্যদের জীবনমান উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি হবে।