বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬

বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ -- : -- --

পোরশায় ইউনিয়ন পরিষদ ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান সড়ক বেহাল, সংস্কারের দাবি

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২২ জুলাই ২০২৬, ১১:৫৫ এএম

পোরশায় ইউনিয়ন পরিষদ ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান সড়ক বেহাল, সংস্কারের দাবি

নওগাঁর পোরশা উপজেলার নিতপুর ইউনিয়ন পরিষদ ও নিতপুর সরকারি স্কুল অ্যান্ড কলেজে যাওয়ার প্রধান সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। সংস্কারের অভাবে সড়কটি বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, ফলে চরম দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী, পথচারী ও স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা সদর মেইন সড়ক থেকে নিতপুর ইউনিয়ন পরিষদ এবং নিতপুর সরকারি স্কুল অ্যান্ড কলেজে সংযোগকারী এ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় খানাখন্দ ও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বর্ষা মৌসুমে কাদা ও জমে থাকা পানির কারণে প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা মানুষ, শিক্ষার্থী ও স্থানীয় ব্যবসায়ীরা।

এ সড়ক দিয়ে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর, স্থানীয় ক্যাম্প, নিতপুর খাদ্যগুদামসহ গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানে যাতায়াত করা হয়। ফলে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষকে এই সড়ক ব্যবহার করতে হয়।

নিতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বলেন, “ইউনিয়ন পরিষদে প্রতিদিন অসংখ্য মানুষ এই রাস্তা ব্যবহার করেন। সড়কটির গুরুত্ব বিবেচনায় আগামী অর্থবছরে জনস্বার্থে এটি অগ্রাধিকার ভিত্তিতে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।”

নিতপুর সরকারি স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হোসেন আলী বলেন, “উপজেলা প্রশাসন তৃণমূল পর্যায়ের সড়কগুলোর বিষয়ে অবগত রয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা আছে। আমরা আশা করছি, দ্রুতই সড়কটির সংস্কারকাজ শুরু হবে।”

এলাকাবাসীর দাবি, গুরুত্বপূর্ণ এ সড়কটি দ্রুত টেকসইভাবে সংস্কার করা হলে শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে।

Link copied!