বুধবার ২২, জুলাই ২০২৬

বুধবার ২২, জুলাই ২০২৬ -- : -- --

কাজীর বেলিসিমো রোটোন্ডো আইসক্রিম সহ ৮ পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ

নিটার থেকে সামিহা সামি

প্রকাশিত: ২১ জুলাই ২০২৬, ০৬:৫৫ পিএম

মান পরীক্ষায় বিভিন্ন ধরনের অসঙ্গতি ধরা পড়ায় কাজী ফুড ইন্ডাস্ট্রিজ, অলিভ বাংলাদেশ, ডেকো ফুডস ও ফ্রেশ গার্ডেন অ্যাগ্রো রিসোর্সেসের মোট আটটি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

সোমবার (২০ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, কাজী ফুড ইন্ডাস্ট্রিজের বেলিসিমো ব্র্যান্ডের রোটোন্ডো হ্যাজেলনাট কোটেড চকোলেট আইসক্রিমে অতিরিক্ত মাত্রায় টোটাল মিল্ক সলিড নন ফ্যাট (এমএসএনএফ) ও ফ্রেশ গার্ডেন অ্যাগ্রো রিসোর্সেসের আমের আচারে প্রিজারভেটিভ পাওয়া গেছে।

এছাড়া পরীক্ষায় অলিভ বাংলাদেশের লাবণ্য ব্র্যান্ডের মিল্ক স্কিন লোশন, অ্যালোভেরা স্কিন লোশন, ফেসওয়াশ মোরিংগা+মাচা ফোমিং মিল্ক এবং অ্যালোভেরা ভ্যারিয়েন্টের শ্যাম্পুতে মানবদেহের জন্য ক্ষতিকর অণুজীবের উপস্থিতি শনাক্ত হয়েছে বলে জানায় বিএসটিআই।

অন্যদিকে, ডেকো ফুডসের ডেকো ফ্রুট ফান্ডা ব্র্যান্ডের ম্যাঙ্গো ও অরেঞ্জ ভ্যারিয়েন্টের সফট ড্রিংক পাউডারে বাংলাদেশ মানদণ্ড অনুযায়ী প্রয়োজনীয় মাত্রার তুলনায় কম ভিটামিন ‘সি’ পাওয়া গেছে।

এসব পণ্যে মানগত ত্রুটি ও নির্ধারিত মানের ব্যত্যয় পাওয়ায় সেগুলো অবিলম্বে বাজার থেকে তুলে নিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে বিএসটিআই।

Link copied!