বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬

বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ -- : -- --

র‍্যাগিংয়ের অভিযোগে পাবিপ্রবির নবীন শিক্ষার্থী হাসপাতালে, তদন্তে প্রশাসন

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক নবীন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বিষয়টি তদন্তে নেমেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

অসুস্থ শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযোগে ১৭ ব্যাচের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ কয়েকজন শিক্ষার্থীর নাম উল্লেখ করা হয়েছে।

জানা যায়, মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে সিনিয়র শিক্ষার্থীরা ১৮ ব্যাচের সব ছেলে শিক্ষার্থীকে বিকেল সাড়ে ৩টার মধ্যে বাংলা ক্লিনিক এলাকার একটি মেসে উপস্থিত হতে বলেন। সেখানে উপস্থিত হওয়ার পর নবীন শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হয় এবং তাদের সঙ্গে উচ্চস্বরে কথা বলা, গালাগাল ও মানসিকভাবে হেনস্তার অভিযোগ ওঠে।

অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে মানসিক চাপে মুশফিকুর রহমান তুহিন অসুস্থ হয়ে পড়েন। পরে রাত ৮টার দিকে তাকে পাবনা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক ঘটনার বিবরণ শুনে পুলিশকে অবহিত করেন। অবস্থার উন্নতি না হওয়ায় রাত ১১টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এদিকে খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন, ফার্মেসি বিভাগের চেয়ারম্যান এবং শিক্ষকরা হাসপাতালে যান।

১৮ ব্যাচের একাধিক শিক্ষার্থী জানান, সিনিয়ররা তাদের মেসে ডেকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন এবং মানসিক চাপ সৃষ্টি করেন। তবে শারীরিকভাবে কাউকে নির্যাতন করা হয়নি বলেও তারা দাবি করেন। তাদের ভাষ্য, মুশফিক আগে থেকেই শারীরিকভাবে অসুস্থ থাকায় মানসিক চাপের কারণে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত শিক্ষার্থীদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান বলেন, “আমরা হাসপাতালে গিয়ে প্রাথমিকভাবে র‍্যাগিংয়ের ঘটনার সত্যতা পেয়েছি। বুধবার সকাল ১০টায় এ বিষয়ে জরুরি সভা ডাকা হয়েছে। তদন্ত শেষে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!