প্রকাশিত: ২২ জুলাই ২০২৬, ১১:৪০ এএম
বাংলাদেশ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) সারোয়ার মুর্শেদ শামীমকে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
মঙ্গলবার (২১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ, পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি পুলিশ সদর দপ্তরের ডিআইজি (লজিস্টিকস) পদ থেকে এসএমপির পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
সারোয়ার মুর্শেদ শামীম কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার ইন্দুরদিয়া গ্রামের বাসিন্দা। তাঁর মাতুলালয় কটিয়াদী পৌর এলাকার বেথইর গ্রামে। তিনি ২০তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন।
দীর্ঘ কর্মজীবনে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি), সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার, আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক, দিনাজপুর জেলার পুলিশ সুপার (এসপি), পুলিশ টেলিকম এবং বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
২০২১ সালের জানুয়ারিতে তিনি অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি লাভ করেন। পরবর্তীতে পুলিশ সদর দপ্তরে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পর ডিআইজি (লজিস্টিকস) হিসেবে কর্মরত ছিলেন।
পেশাগত দক্ষতা, নেতৃত্ব ও সেবার স্বীকৃতিস্বরূপ তিনি বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) অর্জন করেছেন।
সারোয়ার মুর্শেদ শামীমের এ নিয়োগে কিশোরগঞ্জের বাজিতপুর ও কটিয়াদীসহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আনন্দের প্রতিক্রিয়া দেখা গেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, তাঁর নেতৃত্বে সিলেট মেট্রোপলিটন পুলিশের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জনসেবার কার্যক্রম আরও গতিশীল হবে।
