নোবিপ্রবি থেকে রাকিব মোহাম্মদ আরজু
প্রকাশিত: ২২ জুলাই ২০২৬, ১০:৩১ এএম
বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ -- : -- --
ছবি। ক্যাম্পাস রিপোর্ট
শিক্ষা, গবেষণা ও একাডেমিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) এবং তুরস্কের পামুক্কালে বিশ্ববিদ্যালয়ের (Pamukkale University) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) স্বাক্ষরিত এ সমঝোতা স্মারকে নোবিপ্রবির পক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী এবং পামুক্কালে বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ গুঙ্গোর স্বাক্ষর করেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, এ সমঝোতা স্মারক বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে অগ্রগতি এবং বৈশ্বিক উচ্চশিক্ষা ও গবেষণায় অংশগ্রহণের সুযোগ আরও সম্প্রসারিত করবে।
পামুক্কালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ গুঙ্গোর বলেন, এই চুক্তি দুই বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক একাডেমিক নেটওয়ার্ককে আরও শক্তিশালী করবে। পাশাপাশি যৌথ গবেষণা, উদ্ভাবন এবং বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দীর্ঘমেয়াদি একাডেমিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে।
অনুষ্ঠানে নোবিপ্রবির ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম হোসেন, সহযোগী অধ্যাপক ড. মো. শহিদ সারওয়ারসহ পামুক্কালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সমঝোতা স্মারকের আওতায় স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে শিক্ষার্থী বিনিময়, শিক্ষক ও গবেষক বিনিময়, যৌথ গবেষণা ও পাইলট প্রকল্প বাস্তবায়ন, সেমিনার, সম্মেলন ও কর্মশালা আয়োজন, বৈজ্ঞানিক প্রকাশনা বিনিময় এবং গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) কার্যক্রমে দুই বিশ্ববিদ্যালয় যৌথভাবে কাজ করবে।