রবিবার ১৯, জুলাই ২০২৬

রবিবার ১৯, জুলাই ২০২৬ -- : -- --

ইবির হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের নবীন বরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ জুলাই ২০২৬, ০৪:০৪ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণের আয়োজন করেছে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ। শনিবার (১৮ জুলাই) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের সংশ্লিষ্ট বিভাগের ২১২ নম্বর কক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে বিভাগের শিক্ষার্থী গালিব ও তারান্নুমের সঞ্চালনায় বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোঃ আব্দুস সুবুরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও বিভাগের অধ্যাপক ড. মোঃ আব্দুস শাহীদ মিয়া, ড. মোঃ জাকির হোসেন, ড. মোঃ মিজানুর রহমান, ড. মোঃ আবু সিনা, ড. মোঃ কাজী আখতার হোসেন, ড. মোঃ অরবিন্দ সাহা, ড. শেলীনা নাসরিন, ড. মোঃ রুহুল আমীন, মোঃ জামাল উদ্দিন, সহকারী অধ্যাপক মোঃ কামাল হোসেন, ইসরাত জাহান, মোঃ নাজমুল হুদা, মোঃ কামাল উদ্দিন ও মোঃ জাফর আলী।

নবীন শিক্ষার্থীদের বরণ করতে সাজানো হয়েছে বিভাগের কক্ষগুলো। আয়োজনের অংশ হিসেবে নবীনদের হাতে ফুল, ব্যাগ, চকলেট, কলম ও সিলেবাস'সহ অন্যান্য উপহার সামগ্রী দিয়ে স্বাগত জানান বিভাগের সকল শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। এর মধ্যে পরিচয় পর্ব, শিক্ষার্থীদের অনুভূতি ছিল উল্লেখযোগ্য। পরে বিভাগের শিক্ষকরা শিক্ষার্থীদের বরণ করে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। এসময় নবীনরা বিভাগটিতে ভর্তি হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন। 

নবীন শিক্ষার্থী পরশ মনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে আমার প্রথমদিন এত সুন্দর হবে তা অকল্পনীয় ছিলো। আমার বন্ধু-বান্ধব ও সহপাঠীদের নিয়ে এই যাত্রা যেন এভাবেই অব্যাহত থাকে। আগামী ৪-৫ বছর যেন এভাবেই একসাথে চলতে পারি। সর্বোপরি আমাদের বিশ্ববিদ্যালয় জীবনের যাত্রার এই দিনকে স্মরণীয় করে রাখার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বড়ো ভাই-বোনদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।’ 

আরেক শিক্ষার্থী ফাতেমা বলেন, আজকে আমার বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিন এজন্য একটু ভীতি অনুভব করেছিলাম, তবে ওরিয়েন্টেশন ক্লাসে সবার সাথে পরিচয় হয়ে ভালো লাগছে। অনুষ্ঠানের আয়োজনটাও বেশ ভালো এবং সাজানো গোছানো ছিলো। আজকে অনুষ্ঠানে শিক্ষক দের দেওয়া উপদেশ সারা জীবন মনে থাকবে।

এসময় নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোঃ আব্দুস সুবুর বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের শুরুটা তোমাদের জন্য নতুন এক অধ্যায়ের সূচনা। এই সময়টাকে সঠিকভাবে কাজে লাগিয়ে নিজেদের দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। শুধু একাডেমিক পড়াশোনায় নয়, নৈতিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধের চর্চার মাধ্যমেও নিজেদের প্রস্তুত করতে হবে। বিভাগের শিক্ষকরা সবসময় তোমাদের প্রয়োজনীয় সহযোগিতা করবেন। আশা করি, তোমরা বিভাগের ঐতিহ্য ও সুনাম বজায় রেখে ভবিষ্যতে নিজেদের সফল অবস্থানে নিয়ে যেতে সক্ষম হবে। 

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়কে র‌্যাগিংমুক্ত রাখতে ইতোমধ্যে র‍্যাগিং-বিরোধী প্রচার-প্রচারণা চালিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং, বুলিং সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ র‍্যাগিং বা বুলিংয়ের শিকার হলে এন্টি র‍্যাগিং ভিজিলেন্স টিমের হটলাইন নম্বরে (০১৭৮০৪৭৫১৩১) যোগাযোগ করলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Link copied!