রবিবার ১৯, জুলাই ২০২৬

রবিবার ১৯, জুলাই ২০২৬ -- : -- --

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইমদাদ-সিতারা খান বৃত্তি প্রদান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ জুলাই ২০২৬, ০৪:১৬ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

ইমদাদ-সিতারা খান ফাউন্ডেশনের অর্থায়নে ‘ইমদাদ-সিতারা খান বৃত্তি প্রদান’ অনুষ্ঠান আজ (১৮ জুলাই ২০২৬) শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র  মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়-সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৮শ’ ৩৫জন মেধাবী শিক্ষার্থীকে অনুষ্ঠানে বৃত্তি প্রদান করা হয়। স্পন্দনবি’র উদ্যোগে এই বৃত্তি প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়।

স্পন্দনবি’র কান্ট্রি ডিরেক্টর অধ্যাপক ড. আমেনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের  সাবেক সদস্য অধ্যাপক ড. এহসানুল হক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ডেপুটি কান্ট্রি ডিরেক্টর মো. মোস্তাফিজুর রহমান স্বাগত বক্তব্য দেন। ইমদাদ-সিতারা খান ফাউন্ডেশনের চেয়ারপার্সন  সিতারা খান, সভাপতি মারুফা কানিজ ও উপদেষ্টাবৃন্দ অনুষ্ঠানে ভার্চুয়ালি সংয্ক্তু ছিলেন। ফাউন্ডেশনের সদস্য এ কে এম আশিকুর রহমান মজুমদার, ড. কায়সার আহমেদ রকী, ড. তাহসিনা ফারাহ সনম, ব্র্যাকের সিনিয়র ম্যানেজার মনসুর হাসান খন্দকার ও মানুষের জন্য ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর মিসেস শাহিন আনাম বক্তব্য রাখেন। প্রোগ্রাম মনিটর শাপলা খাতুন অনুষ্ঠান সঞ্চালন করেন।

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার জন্য  ইমদাদ-সিতারা খান ফাউন্ডেশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এই ফাউন্ডেশন শিক্ষার্থীদের কল্যাণে যে কাজ করছে তা প্রশংসনীয়। উপাচার্য প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের পরমতসহিষ্ণুতা, নিয়মানুবর্তিতা ও পারস্পরিক শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে সমাজ পরিবর্তনে ভূমিকা রাখতে হবে।  

উল্লেখ্য, অধ্যাপক ড. ইমদাদুল হক খান (ড. ইমদাদ খান) বিশিষ্ট গবেষক ও পদার্থবিজ্ঞানী ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ইম্পেরিয়াল কলেজ লন্ডন, মহাকাশ গবেষণা সংস্থা নাসা-সহ বিশ্বের বিভিন্ন খ্যাতিমান বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানে তিনি গবেষক হিসেবে কাজ করেন। বাংলাদেশে সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদানের লক্ষ্যে তিনি ২০০৪ সালে ‘ইমদাদ-সিতারা খান ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেন। ২০০৬ সালে তিনি ইন্তেকাল করেন। এর আগে তিনি ফাউন্ডেশনের দায়িত্ব তাঁর সহধর্মিণী সিতারা খানের কাছে হস্তান্তর করেন।

Link copied!