রবিবার ১৯, জুলাই ২০২৬

রবিবার ১৯, জুলাই ২০২৬ -- : -- --

ইবি ক্যাম্পাসে বিষাক্ত পার্থেনিয়ামের বিস্তার, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ জুলাই ২০২৬, ০৩:০৯ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসজুড়ে দ্রুত ছড়িয়ে পড়েছে বিষাক্ত আগাছা পার্থেনিয়াম। ক্যাম্পাসের বিভিন্ন একাডেমিক ভবন, আবাসিক হল ও উন্মুক্ত স্থানে এ আগাছার বিস্তারে শিক্ষক-শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। তবে এখনো এটি অপসারণে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।

সরেজমিনে দেখা যায়, রবীন্দ্র-নজরুল কলাভবন, মীর মশাররফ হোসেন ভবন, ব্যবসায় প্রশাসন ভবন, বিজ্ঞান ভবন, কেন্দ্রীয় মসজিদ, মীর মুগ্ধ সরোবর, আইআইইআর এবং বিভিন্ন আবাসিক হলের আশপাশের ফাঁকা জায়গাজুড়ে পার্থেনিয়াম আগাছা জন্মেছে।

উদ্ভিদবিজ্ঞানীদের মতে, পার্থেনিয়াম গাছে থাকা 'পার্থেনিন''সেস্কুটার্পিন ল্যাকটোন' নামক বিষাক্ত উপাদান মানবস্বাস্থ্য, গবাদিপশু ও কৃষির জন্য অত্যন্ত ক্ষতিকর। এর ফুলের রেণু বাতাসে ছড়িয়ে মানুষের শরীরে প্রবেশ করলে ত্বকে অ্যালার্জি, ডার্মাটাইটিস, একজিমা, হাঁপানি ও শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দিতে পারে। গবাদিপশু এ আগাছা খেলে মুখ ও পরিপাকতন্ত্রে ঘা সৃষ্টি হয়, এমনকি অতিরিক্ত গ্রহণে মৃত্যুও হতে পারে। পাশাপাশি কৃষিজমিতে পার্থেনিয়ামের উপস্থিতি ফসলের উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয়।

শিক্ষার্থীরা জানান, প্রতিদিন শত শত শিক্ষার্থী এসব এলাকায় চলাচল করেন। বিষাক্ত আগাছার সংস্পর্শে এসে তারা স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। দ্রুত পার্থেনিয়াম অপসারণ করে ক্যাম্পাস নিরাপদ করার দাবি জানান তারা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের প্রধান মোহাম্মদ আলাউদ্দিন বলেন, "পরিচ্ছন্নতা কর্মীরা দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ায় কাজ করছেন না। ফলে পার্থেনিয়াম গাছ জন্মালেও বর্তমানে আমাদের কিছু করার সুযোগ নেই।"

শিক্ষার্থীরা দ্রুত বিষাক্ত আগাছা অপসারণ এবং ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Link copied!