বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি থেকে মাহবুবুর রহমান
প্রকাশিত: ১৮ জুলাই ২০২৬, ০৪:২৯ পিএম
রবিবার ১৯, জুলাই ২০২৬ -- : -- --
ছবি। ক্যাম্পাস রিপোর্ট
চট্টগ্রামের বাঁশখালীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রাম স্টুডেন্টস অ্যাসোসিয়েশন এবং স্টুডেন্টস প্ল্যাটফর্ম-এর যৌথ উদ্যোগে সম্প্রতি বাঁশখালী উপজেলার ইছামারী এলাকায় দেড় শতাধিক অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
দুর্যোগকবলিত ও স্থানীয় সুবিধাবঞ্চিত পরিবারগুলোর মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও স্বাস্থ্যসামগ্রী পৌঁছে দিতে এই কর্মসূচি পরিচালনা করা হয়। বিতরণকৃত প্রতিটি প্যাকেজের মধ্যে ছিল চাল, আলু, পেঁয়াজ, ডাল, মুড়ি, চিড়া ও প্রয়োজনীয় মসলার মতো খাদ্য উপাদান। একই সাথে স্বাস্থ্য সচেতনতায় সাবান এবং জরুরি স্বাস্থ্য সুরক্ষায় প্রাথমিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।
এই মানবিক উদ্যোগকে সফল করতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ সার্বিক সহযোগিতা ও অংশীদার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এর পাশাপাশি ক্লাব পার্টনার হিসেবে এই কর্মসূচিতে যুক্ত ছিল ইউনেস্কো ক্লাব অব বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি (UNESCO Club of BMU), যারা মাঠপর্যায়ে পুরো কার্যক্রমে সক্রিয়ভাবে সহযোগিতা প্রদান করে।
ত্রাণ বিতরণ শেষে মেরিটাইম ইউনিভার্সিটির চট্টগ্রাম স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি রোহান মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি জানান যে, বাঁশখালী অঞ্চলে কাজ করতে গিয়ে দেখা গেছে, অনেক সময় মূল রাস্তার পাশে ত্রাণ বিতরণ করায় ভেতরের দুর্গত এলাকায় বসবাসকারী প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষ পর্যাপ্ত সহায়তা থেকে বঞ্চিত হন।
অনেক পরিবারের ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তাই ত্রাণ ও পুনর্বাসন সহায়তা নিয়ে কাজ করা সংগঠন ও ব্যক্তিদের প্রতি তিনি আহ্বান জানান, যেন প্রকৃত দুর্যোগগ্রস্ত পরিবারগুলোকে সঠিকভাবে চিহ্নিত করে সরাসরি তাদের হাতে সহায়তা পৌঁছে দেওয়া হয়। এতে ত্রাণের সুষম ও কার্যকর বণ্টন নিশ্চিত করা সম্ভব হবে।
দুর্যোগের এই কঠিন সময়ে তরুণ শিক্ষার্থীদের এমন মানবিক উদ্যোগ ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের কষ্ট লাঘবে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্ট সবাই।