প্রকাশিত: ১৭ জুলাই ২০২৬, ১০:১০ পিএম
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার ২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এস এম শামীম এবং সাধারণ সম্পাদক হিসেবে একই বিভাগের শিক্ষার্থী খন্দকার মো. আরিফুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (১৭ জুলাই) কুষ্টিয়া শহরের শহীদ আব্দুস সোবহান মিলনায়তনে মাহমুদুল হাসানের সভাপতিত্বে এবং রেদোয়ানুল হাসান রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া (ইবি) শাখার ২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়। নবনির্বাচিত কমিটিকে আগামী সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মোস্তফা আব্দুল্লাহ আল আরিফ, সাবেক কেন্দ্রীয় সভাপতি ওমর ফারুক, আবদুর রহমান ও মাওলানা জহিরুল ইসলাম, ইবি শাখার সাবেক সভাপতি মাওলানা সাইফুল ইসলাম সায়েম, আনোয়ার হোসেন, সহ-সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি সাজ্জাতুল্লাহ শেখ, সহ-সভাপতি সাইফুল ইসলাম আলিফসহ কেন্দ্রীয় ও শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
সাধারণ সম্পাদক খন্দকার মো. আরিফুল ইসলাম বলেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে কাজ করাই এই সংগঠনের মূল লক্ষ্য। সেই লক্ষ্য বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করব। ইসলামী শিক্ষা ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে আগামীতেও কাজ করে যাব।
নবনির্বাচিত সভাপতি এস এম শামীম বলেন, তালাবার সংগ্রাম বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে। দীর্ঘ ৯৭ বছর ধরে সংগঠনটি মাদ্রাসা শিক্ষা ও দেশের কল্যাণে কাজ করে আসছে। আমরাও সেই ধারাবাহিকতা বজায় রেখে বিশেষ করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাব।
