প্রকাশিত: ১৭ জুলাই ২০২৬, ১০:৫১ পিএম
অপরিকল্পিত ও অসচেতনভাবে যত্রতত্র বর্জ্য ফেলার ফলে ড্রেন, খাল ও জলাধার ভরাট হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে পরিচ্ছন্নতাকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। দীর্ঘদিনের অভ্যাস পরিবর্তনে সময় লাগলেও ধারাবাহিক সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার ও নাগরিক সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
আজ (১৭ জুলাই) শুক্রবার সিকৃবিতে প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযানে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম এসব কথা বলেন।
তিনি আরও বলেন,পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতা কেবল প্রশাসনের একার দায়িত্ব নয়,বরং এটি প্রত্যেক নাগরিকের নৈতিক ও সামাজিক দায়িত্ব। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে পরিচ্ছন্নতার সংস্কৃতি গড়ে তোলা সম্ভব,যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও টেকসই পরিবেশ নিশ্চিত করবে।
সিকৃবি পরিবেশ ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন, সিলেট এর সহযোগীতায় অনুষ্ঠিত পরিচ্ছন্নতা অভিযানে বিভিন্ন অনুষদীয় ডিন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, প্রক্টর, বিভিন্ন দপ্তরের পরিচালক, দপ্তর প্রধানসহ শিক্ষক, কর্মকর্তা,কর্মচারী ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
