বুধবার ১৫, জুলাই ২০২৬

বুধবার ১৫, জুলাই ২০২৬ -- : -- --

প্রতিষ্ঠার একযুগে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়‌

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে উমাইয়া আহমেদ

প্রকাশিত: ১৪ জুলাই ২০২৬, ০৬:৪৮ পিএম

কেক কেটে বর্ষপূর্তি উদযাপন। ছবি-ক্যাম্পাস রিপোর্ট

বর্ণাঢ্য আয়োজন, উৎসবমুখর পরিবেশ এবং নানা কর্মসূচির মধ্য দিয়ে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। ২০১৫ সালের ১৪ জুলাই প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টি ১১ বছরের গৌরবময় পথচলা অতিক্রম করে ১২তম বর্ষে পদার্পণ উপলক্ষে দিনব্যাপী আয়োজন করে বিভিন্ন অনুষ্ঠান।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এরপর স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন, আন্তঃঅনুষদীয় বিতর্ক প্রতিযোগিতা, আন্তঃদলীয় ইংরেজি ভাষার দক্ষতা প্রতিযোগিতা, আলোচনা সভা, প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনব্যাপী এসব আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের প্রাণবন্ত অংশগ্রহণে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. নাজমুল আহসান। এছাড়া উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. রেজাউল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা।

আলোচনা সভায় উপাচার্য প্রফেসর ড. মো. নাজমুল আহসান বলেন, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় অল্প সময়ের মধ্যেই দেশের উচ্চশিক্ষা ও কৃষি গবেষণার ক্ষেত্রে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করেছে। জ্ঞান, গবেষণা ও উদ্ভাবনের সমন্বয়ে বিশ্ববিদ্যালয়টি পূর্ণাঙ্গ রূপ লাভের পথে এগিয়ে যাচ্ছে। তিনি শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান এবং বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও জমি অধিগ্রহণসহ চলমান বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

ট্রেজারার প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান বলেন, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়কে উদ্ভাবন, মানবিকতা, সৃজনশীলতা ও দায়িত্ববোধে সমৃদ্ধ একটি আধুনিক জ্ঞানচর্চার কেন্দ্রে পরিণত করার লক্ষ্য নিয়ে বিশ্ববিদ্যালয় এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, পরিবর্তনশীল বিশ্বে দক্ষ, সৃজনশীল ও নৈতিক মূল্যবোধসম্পন্ন তরুণ প্রজন্মই দেশের উন্নয়নের প্রধান শক্তি, আর সেই লক্ষ্য বাস্তবায়নে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উল্লেখ্য, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কৃষিশিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের অন্যতম কেন্দ্র হিসেবে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই আধুনিক কৃষি শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার মধ্যে নতুন উদ্দীপনা ও ভবিষ্যৎ উন্নয়নের প্রত্যয় আরও দৃঢ় করেছে।

Link copied!