প্রকাশিত: ১৬ জুলাই ২০২৬, ০১:২১ পিএম
চতুর্থ শিল্প বিপ্লব ও দ্রুত পরিবর্তনশীল ডিজিটাল অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের দক্ষ ও ভবিষ্যৎ-উপযোগী করে তুলতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভাইস-চ্যান্সেলর) অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
বুধবার রাজধানীর ডেইলি স্টার ভবনে ডেইলি স্টার ও গ্রামীণফোন আয়োজিত “Future-Ready Bangladesh: AI, Skills and Youth Employability in the Digital Economy” শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
উপাচার্য জানান, দেশের উচ্চশিক্ষার প্রায় ৭০ শতাংশ পরিচালনা করে জাতীয় বিশ্ববিদ্যালয়। প্রায় ৪০ লাখ শিক্ষার্থী ও আড়াই হাজার কলেজ নিয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠানটি এখন দক্ষতাভিত্তিক শিক্ষায় জোর দিচ্ছে।
তিনি বলেন, বর্তমান ও ভবিষ্যতের কর্মবাজার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডেটা অ্যানালিটিক্স ও ডিজিটাল দক্ষতার ওপর নির্ভরশীল। তাই পাঠ্যক্রমে ‘প্যারাডাইম শিফট’ আনা হচ্ছে, যাতে প্রতিটি শিক্ষার্থী স্নাতক সম্পন্ন করার আগেই অন্তত একটি প্রযুক্তিনির্ভর বা ব্যবহারিক দক্ষতা অর্জন করতে পারে।
আইসিটি শিক্ষকের সংকটের কথা উল্লেখ করে ড. আমানুল্লাহ বলেন, বিভিন্ন বিষয়ের শিক্ষকদের আইসিটি প্রশিক্ষণের মাধ্যমে মাস্টার ট্রেইনার হিসেবে গড়ে তোলা হচ্ছে। দীর্ঘদিনের সেশনজট ও নানা সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে রাষ্ট্রীয় নীতিগত সহায়তারও প্রয়োজন রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, প্রচলিত পাঠ্যক্রম বর্তমান সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই ইংরেজি ও আইসিটি শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি তৃতীয় ভাষা শিক্ষা, কোডিং, এআই লিটারেসি, সফট স্কিল এবং আইটি-ভিত্তিক প্রশিক্ষণ মূলধারার পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার কাজ এগিয়ে চলছে।
উপাচার্য জানান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও চীনসহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সঙ্গে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লিংকেজ এবং অ্যাপ্রেন্টিসশিপ কর্মসূচি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া রেমিট্যান্স বৃদ্ধি ও ঝরে পড়া শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে মাইক্রো-লার্নিং ও মাইক্রো-ক্রেডেনশিয়াল কোর্স চালু করা হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, সময়োপযোগী দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশের তরুণরা ভবিষ্যতে বৈশ্বিক প্রযুক্তি খাতেও নেতৃত্ব দিতে সক্ষম হবে।
গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও শ্রম-কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ড. মাহদি আমিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়, উন্নয়ন সংস্থা ও প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।
