শুক্রবার ১৭, জুলাই ২০২৬

শুক্রবার ১৭, জুলাই ২০২৬ -- : -- --

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জুলাই শহীদ দিবস’

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৬ জুলাই ২০২৬, ০৫:০০ পিএম

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জুলাই শহীদ দিবস’

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির শুরুতে সকাল ৯টায় জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্মরণসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন

অনুষ্ঠানের শুরুতে জুলাই শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এতে জুলাই শহীদ পরিবারের সদস্য, জুলাই আন্দোলনের যোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় শহীদ পরিবারের সদস্যরা তাঁদের স্বজন হারানোর বেদনাময় স্মৃতিচারণ করেন। বক্তারা জুলাই আন্দোলনের তাৎপর্য তুলে ধরে শহীদদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র গঠনে তাঁদের অবদানের কথা উল্লেখ করেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, “জুলাই শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আদর্শ আগামী প্রজন্মকে দেশপ্রেম, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে।”

তিনি আরও জানান, জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই আন্দোলনের যোদ্ধাদের কল্যাণে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকেও তাঁদের সর্বোচ্চ সম্মান ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

শ্রদ্ধা নিবেদন, স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে কিশোরগঞ্জে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।

Link copied!