বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬

বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ -- : -- --

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ

মৌলভীবাজার থেকে রাজন হোসেন তৌফিক

প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬, ০৫:২৬ পিএম

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) সকাল থেকে শহরের কোর্ট রোড থেকে মিছিল বের করে শিক্ষার্থীরা শহরের প্রাণকেন্দ্র চৌমুহনী এলাকায় অবস্থান নেন। এতে প্রধান সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

বিক্ষোভে মৌলভীবাজার সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, শাহ মোস্তফা কলেজসহ বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন। তাদের হাতে বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড ছিল এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নানা স্লোগান দেন।

বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করেন, দেশের শিক্ষা ব্যবস্থার বর্তমান পরিস্থিতি নিয়ে তারা উদ্বিগ্ন। তাদের ভাষ্য, চলমান পরিস্থিতির দায় নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তারা।

শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে শহরের প্রধান সড়কে যান চলাচল ব্যাহত হয়। এতে যাত্রী ও চালকদের ভোগান্তিতে পড়তে হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

বিক্ষোভকারীরা জানান, তাদের দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, টানা বর্ষণ ও বন্যা পরিস্থিতির কারণে দেশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ অবস্থায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষাগুলো সাময়িক স্থগিত করা হলেও অন্যান্য শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা পেছানোর দাবিকে কেন্দ্র করে শিক্ষামন্ত্রীর বিভিন্ন বক্তব্যের সমালোচনা শুরু হয়। এরই ধারাবাহিকতায় মৌলভীবাজারে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

 
 
Link copied!