ভিক্টোরিয়া কলেজ থেকে রাকিব হোসেন
প্রকাশিত: ১৩ জুলাই ২০২৬, ০২:২০ পিএম
মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ -- : -- --
ছবি।ক্যাম্পাস রিপোর্ট
ভোর রাত থেকে টানা বর্ষণে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় এবং যানবাহনের সংকটে এইচএসসি পরীক্ষার্থীদের অনেকেই নৌকায় চড়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে বাধ্য হয়েছেন। আবার অনেক শিক্ষার্থীকে কোমরসমান পানি মাড়িয়ে কেন্দ্রে প্রবেশ করতে দেখা গেছে। ঝুঁকিপূর্ণ এই যাত্রায় পরীক্ষার্থীদের সঙ্গে ছিলেন তাদের অভিভাবকরাও।
সোমবার (১৩ জুলাই) কুমিল্লা সরকারি মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্রে গিয়ে এমন চিত্র দেখা যায়। জলাবদ্ধতার কারণে কেন্দ্রে পৌঁছাতে চরম দুর্ভোগে পড়েন পরীক্ষার্থী ও তাদের স্বজনরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থীরা কোমরসমান পানি মাড়িয়ে কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে প্রবেশ করছেন। এ সময় এক শিক্ষার্থী হোঁচট খেয়ে পানিতে পড়ে যান। এতে তার ফাইল ও প্রয়োজনীয় কাগজপত্র ভিজে যায়। একই ধরনের ভোগান্তির শিকার হন আরও কয়েকজন পরীক্ষার্থী। অনেককে ভেজা শরীরেই পরীক্ষায় অংশ নিতে হয়েছে।
এদিন বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান, ব্যবসায় শিক্ষা বিভাগের হিসাববিজ্ঞান প্রথম পত্র এবং মানবিক বিভাগের যুক্তিবিদ্যা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরিস্থিতি পরিদর্শনে সকালে কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শন করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। তিনি পরীক্ষার্থীদের নিরাপদে কেন্দ্রে প্রবেশে সহযোগিতা করেন।
মেয়েকে নিয়ে কেন্দ্রে আসা অভিভাবক ফাহিম আহমেদ বলেন, এইচএসসির মতো গুরুত্বপূর্ণ পরীক্ষায় শিক্ষার্থীদের নৌকায় চড়ে কেন্দ্রে যেতে হয়েছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারত। প্রবেশপত্র পানিতে পড়ে গেলে বড় ধরনের সমস্যার সৃষ্টি হতো। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা স্থগিত করা উচিত ছিল।
পরীক্ষার্থী নাফিজান বেগম বলেন, মাঝরাত থেকেই কুমিল্লায় ভারী বৃষ্টি হচ্ছে। অনেক কষ্টে বাসা থেকে বের হয়ে কেন্দ্রে এসেছি। এসে দেখি কেন্দ্রের আশপাশের রাস্তা হাঁটু থেকে কোমরসমান পানিতে তলিয়ে আছে। কেন্দ্রের মাঠেও পানি জমে আছে। ঝুঁকি নিয়েই পরীক্ষা দিতে হয়েছে। এমন পরিস্থিতিতে পরীক্ষা পিছিয়ে দিলে শিক্ষার্থীরা উপকৃত হতো।
কুমিল্লা আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা সৈয়দ আরিফুর রহমান জানান, ভোররাত থেকে সকাল পর্যন্ত কুমিল্লায় ১০৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সারাদিনই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলেও তিনি জানান।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল বাশার ভূঁইয়া বলেন, আমাদের উচ্চ মাধ্যমিক শাখার সঙ্গে আটটি কলেজের পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। আমাদের কেন্দ্রে পানির সমস্যা নেই। তবে কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে প্রবেশের সময় আমাদের শিক্ষার্থীরা কিছুটা সমস্যায় পড়েছে। এছাড়া সকাল থেকে নগরীতে যানবাহনের সংকট থাকায় পরীক্ষার্থীদের ভোগান্তি বেড়েছে।